চরফ্যাশনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলমকে বহিরাগত ও সংস্কারবাদী আখ্যা দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপির একাংশ রোববার বিক্ষোভ প্রদর্শন ও একাধিক পথসভা করেছে। এ সময় নাজিমের পক্ষের সঙ্গে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ হয়।বিএনপির একটি সূত্র জানায়, চরফ্যাশন-মনপুরা বিএনপিতে নাজিম উদ্দিনবিরোধী পক্ষটি শক্তিশালী হয়ে উঠেছে। এ পক্ষের নেতৃত্বে আছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া শিল্পপতি লায়ন নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রিন্স মহাজন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নূর ইসলাম প্রমুখ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে নাজিম উদ্দিন আলমকে বহিরাগত সংস্কারবাদী আখ্যা দিয়ে দলের বেশ কিছু নেতা-কর্মী বিক্ষোভ করেন। নাজিম উদ্দিন আলমের পক্ষের ছাত্রদল ও যুবদল পাল্টা মহড়া দিতে গেলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে বরিশাল র্যাব-৮, সহকারী কমিশনার (ভূমি) নূরুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেনের নেতৃত্বে পুলিশের দল মাঠে নামে। একপর্যায়ে নাজিমের পক্ষ পিছু হটতে বাধ্য হয়। পরে নাজিমবিরোধীরা পুরো শহরে বিক্ষোভ ও পথসভা করে।উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বলেন, লায়ন নজরুল এখন বিএনপির বাইরের কেউ নন। তিনি নির্বাচন করলে তাঁর বিজয় সুনিশ্চিত। নাজিম উদ্দিন আলম বিএনপি থেকে মনোনয়ন পেলে পরাজিত হবেন। কারণ, তিনি বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ‘নাজিম হটাও’ আন্দোলনের আহ্বায়ক প্রিন্স মহাজন বলেন, ‘চরফ্যাশনে একসময় নেতৃত্বশূন্য ছিল। তখন আমরা দলীয় নেত্রীর কাছে বহিরাগত নাজিম উদ্দিনকে চেয়ে এনেছিলাম। কিন্তু তিনি ইচ্ছামতো দল চালিয়েছেন। এখন আমরা তাঁর বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। তাঁর কর্মীরা হামলা চালিয়ে আমাদের ৪০ জনকে আহত করেছে।’চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সহসভাপতি শেখ নোমান বলেন, রোববার বিকেলে নাজিম উদ্দিন আলমের বিরোধীরা যুবলীগ ও ছাত্রলীগের সহায়তায় মহড়া দিয়েছে এবং তাঁদের পক্ষের চারজনকে পিটিয়ে জখম করেছে। চরফ্যাশন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন মালতিয়া বলেন, যাঁরা নাজিমবিরোধী বিক্ষোভ ও পথসভা করেছেন, তাঁরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের বহিষ্কৃত নেতা-কর্মী। তাঁরা এখন যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে এক হয়ে চরফ্যাশন থেকে বিএনপিকে উৎখাতে মাঠে নেমেছেন।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, লায়ন নজরুলের সমর্থিত বিএনপির একটি পক্ষ রোববার বিক্ষোভ ও পথসভা করেছে। এ সময় বিএনপির দুই পক্ষের সংঘাতে দু-একজন সামান্য ব্যথা পেয়ে থাকতে পারে। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।