ভোলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত ভোলা সিভিল সার্জন শাহ আলম শরীফের পৈতৃক বাড়িতে গতকাল বুধবার হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তাঁর কার্যালয়ের আওতাধীন বেশ কিছু পদে নিয়োগ না পেয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ভোলা সিভিল সার্জনের আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৬৩ জন লোক নিয়োগ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে গতকাল বেলা ১১টায় ফলাফল দেওয়া হয়। এতে দেখা যায়, চরফ্যাশনের মনপুরা ও লালমোহন তজুমদ্দিন এলাকার অনেক প্রার্থীর চাকরি হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এতে ক্ষমতাসীন দলের একদল কর্মী ক্ষুব্ধ হয়ে শাহ আলম শরীফের চরফ্যাশনের বাড়িতে হামলা চালান। তাঁরা সিভিল সার্জনের চারটি ঘরে ভাঙচুর করেন। ভাঙচুর শেষে তাঁরা সেখানে বিক্ষোভও করেন। এ সময় তাঁরা সিভিল সার্জনের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ারও অভিযোগ তোলেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী বলেছেন, ৬ নম্বর ওয়ার্ডের কমিশনার জহির রায়হান হামলার নেতৃত্ব দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে জহির অভিযোগ অস্বীকার করেছেন। সিভিল সার্জন শাহ আলম বলেন, ‘৬৩টি পদে সাড়ে তিন হাজার লোক পরীক্ষা দিয়েছেন। সব লোককে তো চাকরি দেওয়া সম্ভব না। কিন্তু সব এমপিই তাঁদের কর্মীদের জন্য চাকরি চান। তাই ক্ষমতাসীন দলের ক্ষুব্ধ লোকজন আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি। থানায় সাধারণ ডায়েরি করব।’