চরফ্যাশনের এসিডদগ্ধ দম্পতি এখনো আতঙ্কে
এসিড-সন্ত্রাসের শিকার ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ গ্রামের চারজনের এখনো অসহ্য যন্ত্রণা, কষ্ট আর আতঙ্কে দিন কাটে। ২০০৮ সালের ৫ আগস্ট তাদের ওপর এসিড ছোড়া হয়েছিল। ওই সময় এ ঘটনায় তারা মামলাও করেছিল। এখন আসামিরা ওই মামলা তুলে নেওয়ার জন্য তাদের হুমকি দিচ্ছে। জানা গেছে, ২০০৮ সালের ৫ আগস্ট শশীভূষণ গ্রামের আবুল হোসেন, তার স্ত্রী মরিয়ম, মেয়ে রাজিয়া, রাবেয়া ও ভাইয়ের মেয়ে নূপুর এসিড-সন্ত্রাসের শিকার হয়। পুরো শরীর ঝলসে যাওয়ায় পাঁচ মাসের শিশু রাজিয়া তখনই মারা যায়। অন্য চারজনের প্রত্যেকেরই মাথা থেকে পেট পর্যন্ত ঝলসে গেছে। ঘটনার পর তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের অন্য অংশ থেকে চামড়া কেটে ঝলসে যাওয়া অংশে লাগানো হয়েছে। চিকিৎসার পর তারা বাড়ি ফিরেছে। কিন্তু ঠিকমতো ওষুধ খেতে না পারায় তাদের শরীরের ঝলসে যাওয়া অংশের পাশাপাশি যে স্থান থেকে চামড়া কাটা হয়েছে, সেখানেও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে।মরিয়ম জানান, প্রতিদিন তাঁদের চিকিৎসকের পরামর্শমতো ১৭২ টাকার ওষুধ দরকার। ওষুধ খেলে যন্ত্রণা কিছুটা কম হয়। কিন্তু অভাবের কারণে তাঁরা ওষুধ কিনতে পারছেন না। তাঁর বড় ছেলে আল-আমিন ও ছোট ছেলে আলী হোসেনের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।মরিয়ম আরও জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁদের ওপর এসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় তাঁরা কাঞ্চন, মো. হোসেন, সিদ্দিকুর রহমান ও মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা করেছেন। ওই আসামিরা এখন উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে তাঁদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। চরফ্যাশন থানার ওসি নাসিরুদ্দিন মল্লিক জানান, আসামিরা জামিনে আছে। মামলা তুলে নিতে হুমকি দেওয়ার বিষয়ে কেউ তাঁদের কাছে অভিযোগ করেনি।