চরফ্যাশনের গুদামে ঢুকছে উত্তরাঞ্চলের গম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় একশ্রেণির ফড়িয়া ব্যবসায়ী উত্তরাঞ্চল থেকে গম কিনে এনে সরকারি গুদামে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় এবার পুরো জেলায়ই কৃষকেরা খেত থেকে গম ঘরে তুলতে পারেননি।
স্থানীয় গমচাষি ও ব্যবসায়ীরা জানান, সরকার খাদ্যশস্যের ন্যায্যমূল্য দিতে ভোলায় উৎপাদিত গম সংগ্রহের ঘোষণা দিয়েছে। কিন্তু এবার ব্লাস্ট রোগে নষ্ট হয়ে যাওয়ায় এখানকার চাষিরা খেত থেকে গম তোলেননি। যৎসামান্য সংগ্রহ করলেও তা বিক্রির উপযোগী নেই। এ সুযোগে ফড়িয়া-ব্যবসায়ীরা সিন্ডিকেট করে উত্তরাঞ্চলের দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে প্রতি কেজি গম ১৭-১৮ টাকা দরে কেনেন। সেই গম চরফ্যাশনের মুখরবান্ধা ও শশীভূষণ গুদামে ২৮ টাকা দরে বিক্রি করা হয়েছে। এখানকার চাষির উৎপাদিত গম ছাড়া অন্য জেলার গম কেনা নিষিদ্ধ হলেও ঘুষ নিয়ে গুদাম কর্মকর্তারা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করছেন।
তবে শশীভূষণ গুদামের কর্মকর্তা শান্তিরঞ্জন দাস ও মুখরবান্ধার গুদাম কর্মকর্তা আক্রাম হোসেন বলেন, তাঁরা চরফ্যাশনের চাষির গমই সংগ্রহ করেছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, গত মার্চে জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় অভ্যন্তরীণ গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে ১০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত প্রতি কেজি ২৮ টাকা দরে কৃষকদের কাছ থেকে গম কেনার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী জেলায় ৩ হাজার ৪২৬ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা দেওয়া হয়। এর মধ্যেই চরফ্যাশনের লক্ষ্যমাত্রা ১ হাজার ২৩৪ মেট্রিক টন পূরণ করা হয়েছে। অন্য উপজেলা এখনো গম কেনেনি।
ভোলার বিভিন্ন উপজেলার ৫০ জন গমচাষি বলেন, গত ফেব্রুয়ারিতে হঠাৎ বৃষ্টিতে গমখেতে ছত্রাকজাতীয় ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ে। এতে গমের গাছ ও ফল পাকার আগে শুকিয়ে যায়। কৃষি কর্মকর্তার পরামর্শে বেশির ভাগ চাষি গমখেত পুড়িয়ে দিয়েছেন, কেউ ফেলে রেখেছেন।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মনতোষ শিকদার বলেন, ৪০ ভাগ কৃষক গম তুলতে পেরেছেন। তা সংগ্রহের উপযুক্ত কি না দেখতে হবে।
জেলা খাদ্যশস্য ক্রয় কমিটির সদস্যসচিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক অনন্ত কুমার সাহা বলেন, ‘১০ এপ্রিলের পর গম সংগ্রহ শুরু করেছি। লোকাল গম নষ্ট হয়নি, এ গমের দানাটা একটু চিকন ও ছোট হয়েছে। এ সমস্যা শুধু ভোলা নয়, চুয়াডাঙ্গায়ও। কৃষি কর্মকর্তারা যদি মুখে বলেন ভোলার গম সংগ্রহের অনুপযুক্ত, তাহলে সার্টিফিকেট দিন। লিখিত পেলে আমরা দেখব।’