চরবাগডাঙ্গার 'মিনিস্টারের' গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজের মাঝে শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা
সবুজের মাঝে শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা

শান্তি না সংঘাতময় পরিবেশ, সচ্ছল না অভাবী পরিবার? একটা নতুন জীবনের শুরুটা যে কোথায় হবে, তা কোন ঘরে, এতে আগত শিশুর কোনো হাত নেই। জানেন সৃষ্টিকর্তা, আর জন্মদাতা। বিদ্যমান পরিবেশটা ভালো না মন্দ, তাতেও নতুনের হাত নেই। সেটা তখনকার আর আগের প্রজন্মের প্রখর বিচক্ষণতায় এবং কঠোর পরিশ্রমে গড়া বসবাসযোগ্য একটি সুন্দর উন্নত সমাজ হতে পারে। অথবা সেটা তাঁদের আলসেমি আর নির্বুদ্ধিতায় পিছিয়ে পড়া অনগ্রসর একটি জনগোষ্ঠী। জন্ম হোক যথা তথা, আমাদের কর্মটা হোক ভালো। 


সংঘাতময় চল্লিশের দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহাভারতের বিভক্তির সময়ের শিশু। একাত্তরে তাঁরা টগবগে যুবক। সচ্ছল-অসচ্ছলতার জনজীবনে অশান্তির কালো থাবা চারদিকে। তবু সুন্দরের খোঁজে প্রকৃতির সঙ্গে লড়াই করা, সংগ্রাম করে নিজেকে আবিষ্কার করা, আর স্বার্থান্বেষী আগ্রাসী মহলকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করা। কি মুর্শিদাবাদ, রাজশাহী অথবা ব্রাহ্মণবাড়িয়ায়।

২.
মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা। এক ছিমছাম জনবসতি সেখানে। নাম চাঁদপুর। পদ্মা নদীর কোল ঘেঁষে বহুকাল আগে গড়ে ওঠা একটি শান্তšএলাকা। সুজলা-সুফলা, শস্য-শ্যামলার এই প্রকৃতিতে হাসিখুশিতে ভরা নিরীহ মানুষগুলোর বাস। প্রমত্ত পদ্মাটাই যা ভয়ের কারণ। নদীর অদূরে এই চাঁদপুর এলাকায় ‘বিশ্বাস’ বংশের এক তিনতলা বাড়ি। একান্নবর্তী পরিবারের বাস সেখানে। কলমদর বিশ্বাসের রেখে যাওয়া এতিম পরিবারে বড় ছেলে লতিফ বিশ্বাস। পিতৃহারা হয়েছেন অল্প বয়সে।

পিতার মৃত্যুর পর ছোট বয়সেই এতিম এই পরিবারের অভিভাবকের ভূমিকায় বালক লতিফ বিশ্বাস। মাকে শান্তšরেখে ছোট ছোট ভাইবোনকে আগলিয়ে রাখা। মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে তিনতলা বাড়িটাও একসময় পদ্মার তীর ভেঙে তলিয়ে গেল। প্রাকৃতিক এই বিপর্যয় ভেঙে দিল একান্নবর্তী পরিবারকেও। খালার বড় পরিবারের কাজিনদের সঙ্গে লতিফ তাঁর মা-ভাই-বোনদের সঙ্গে নিয়ে চলে গেলেন আরেক দিকে। রাজশাহীর চরাঞ্চলে। অপেক্ষাকৃত নতুন বসতি, নাম চরবাগডাঙ্গা। পেছনে ফেলে এলেন নিজ বংশের কাজিনদের। শুরু হলো নতুন জীবনসংগ্রাম।

তখন ষাটের দশক। চাঁদপুরের বসতভিটা হারিয়ে সঙ্গে আনা পুঁজি দিয়ে নতুন জায়গা চরবাগডাঙ্গায় কিনলেন জমি, আর তাতে এক দিকে গড়লেন মাথা গোঁজার জন্য মাটি-খড়ের বসতবাড়ি। ছোটাছুটি করলেন জীবিকার অন্বেষণে। আশির দশকে আমার ছেলেবেলায় পিতৃহারা সেই সংগ্রামী বালকের স্কুলপালানোর গল্পটা শুনেছি তাঁর মায়ের কাছে। প্রাথমিকে নিচের কোনো এক ক্লাসে, টু হবে হয়তো, পড়া না পারায় শিক্ষকের মার খেয়েছিলেন। ব্যস, স্কুলজীবন শেষ। তবে ছাত্রজীবন শেষ নয়।

কঠিন জীবনসংগ্রামে আয়ের পথে চলতে নিজেই শিখেছেন বই পড়া, গণিতের শক্ত হিসাব-নিকাশ, আর দালানকোঠার বাড়ি বানানোর নিখুঁত সব কৌশল। রাজমিস্ত্রির কাজের ইঞ্জিনিয়ারিং। পরিচিত লোকবল নিয়ে তাঁর ছিল নির্মাণ গ্রুপ। দৌড়েছেন ঢাকাসহ বেশ কয়েকটি শহরে, জীবিকার অন্বেষণে। সেসব জায়গায় অসংখ্য বাড়ি আর অট্টালিকা তাঁর হাতেই তৈরি। আত্মীয় ও পরিচিতজনদের জন্য বানিয়ে দেওয়া সুন্দর কারুকার্যে ভরা শক্ত ঘরবাড়িগুলো দেখেই বুঝেছি তাঁর আছে প্রখর বুদ্ধিদীপ্ত মেধা। সংগ্রামী, চৌকস আর তীক্ষ্ণবুদ্ধি এই জ্ঞানী মানুষটি আমার বাবা। লতিফ বিশ্বাস। যেমনটি মেধাবী, তেমনটি প্রচণ্ড রাগীও। সরকারের মন্ত্রী না হয়েও নিজ এলাকা চরবাগডাঙ্গায় ‘মিনিস্টার’ নামে তাঁর পরিচিতি।

মিনিস্টার উপাধিটা পেয়েছেন মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায়। কচি বয়সেই এতিম হয়ে, সচ্ছল কিংবা প্রাচুর্যে ভরা বংশের সুখকে নদীতে হারিয়ে প্রায় শূন্য থেকে আবার শুরু করে গড়েছেন সবকিছু। নিজেকে তৈরি, পরিবার গঠন, ভাইবোনদের আগলিয়ে রাখা। চরাঞ্চলে গাছ লাগিয়ে সবুজের সৃষ্টি করেছেন আমের বাগান, লেবুর বাগান, সবজিবাগান, আরও কত–কী। প্রাইমারি স্কুলশিক্ষার গণ্ডি পার হতে না পারা আমার শিক্ষানুরাগী বাবা তাঁর তিন সন্তানকে পড়িয়েছেন দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে। দেশ প্রতিরক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হাসিমুখে এগিয়ে দিয়েছেন আরেক সন্তানকে। সেই ইউনিয়নে ধুলোবালু আর কাদামাখা পরিবেশে বড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া প্রথম দুজন তাঁরই সন্তান। সবকিছু শক্ত হাতে পরিচালনা করেছেন। বলেছেন সঠিক শিক্ষাটা নিতে। আর খারাপ থেকে দূরে থাকতে।

আমার ছোটবেলায় শুনেছি, তিনি সিগারেট ফুঁকতেন। তবে লুকিয়ে। মাঝেমধ্যে, দু-একটা। চেইন স্মোকার নন। একদিন বিকেলবেলা বাবাকে খুঁজছি। গ্রামের এক চাচার বাড়িতেই পেলাম। সেই চাচা আর তিনি, দুই বন্ধু গল্পে মেতে ছিলেন আর সিগারেট ফুঁকছিলেন। সেখানে আমার উপস্থিতি টের পেতেই সিগারেটটা লুকিয়ে ফেললেন। কিন্তু আমি তা দেখেছি, সেটাই প্রথম, শেষও। তিনি বেশ লজ্জা পেয়েছেন। তাঁর মনকে আমি পড়তে পেরেছি।Ñএ বদঅভ্যাসটা আমরা যেন না হয়। সেটাই হয়তো তাঁর হাতে শেষ সিগারেট ছিল। আমরা ভাইবোনেরা কেউ সিগারেট টানি না।

ভালো কিছু করতে সদা উৎসাহ দিয়েছেন বাবা। আগামী দিনগুলোর জন্য থাকতে হতো সুন্দর পূর্বপরিকল্পনা, আর বলতেন সে অনুযায়ী নিখুঁতভাবে পথচলতে। রাগী মানুষ তিনি, পান থেকে চুন খসলেই রক্ষা নেই। গ্রামের স্কুলে আমি পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বললেন, বৃত্তি পরীক্ষা দিতে হবে। বললাম, জি আচ্ছা। সেই পরিকল্পনা অনুযায়ী বেশি পড়ার কথা। আমি করিনি। টেবিলের ওপর বই-খাতা-কলম খোলা রেখেই ভাইকে নিয়ে বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছি। খোঁজাখুঁজি করে আমাদের ধরে বাড়িতে আনা হলো। তারপর শুরু হয় বেতের লাঠির ব্যবহার। বেশ কিছুক্ষণ চলল! পরের ঘটনা জেলার সেরা হরিমোহন স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে। টের পেয়েছেন, আমার পরীক্ষার প্রস্তুতি ভালো হয়নি। সাবধান করে বললেন, হরিমোহন স্কুলে চান্স না পেলে গায়ে রন্না (আসবাবপত্র মসৃণ করতে এটা ব্যবহার হয়) চলবে। কপাল ভালো, সেখানে ভর্তির সুযোগটা পেয়েছি। রন্নার ব্যবহার আর প্রয়োজন হয়নি!

প্রচণ্ড রাগী এই বাবার ভেতরের খুব নরম মনটা দেখেছি বারবার। গ্রামে হাইস্কুল না থাকায় পড়ার জন্য আমাদের সব ভাইবোনকেই একে একে জেলা শহরে চলে যেতে হয়েছে। মায়ের আঁচলের মায়া কাটিয়ে, আর শক্ত বাবার লুকিয়ে কান্নাকে উপেক্ষা করে। মা-বাবাকে গ্রামে রেখে। মাঝেমধ্যে ছুটিতে তাঁদের দেখতে যাওয়া ছাড়া আমাদের আর ফেরা হয়নি সেখানে। বিদায়বেলাটা সব সময় বেশ কঠিন হয়ে পড়ে। খুবই কঠিন। সন্তানদের বড় করতেই তাঁদের এই বিশাল ত্যাগ। এটা সবাই পারে না। আমরা ধন্য। পথচলতে জীবনসংগ্রামের মূলমন্ত্রটা বাবার কাছ থেকেই পাওয়া—শত কঠিন অবস্থায়ও হাল ছেড়ে না দেওয়া।

৩.
আরেকজন বাবা আছেন। আমার সহধর্মিণীর জন্মদাতা। আরেক সংগ্রামী জীবন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কাটিয়েছেন শৈশব। সেখানকার সৈয়দাবাদ গ্রামে জন্ম। কিশোর বয়সে সাংসারিক কাজের চাপে লেখাপড়াটা ঠিকমতো আগাচ্ছিল না। বড় হওয়ার স্বপ্ন দেখেছেন। এলাকা ছেড়ে দূরে পালালেন। জীবন ও জীবিকার খোঁজে চট্টগ্রামে। অতি সুদর্শন তিনি। উচ্চতাটাও বেশ অনেক, সেই রকম হ্যান্ডসাম। এক সময় সেখানে আর্মিতে নাম লেখান।

সুঠাম দেহের তরতাজা সেই যুবক। নাম আবু মুসা। টগবগে রক্ত। দেশে যুদ্ধের দামামা। পশ্চিমারা বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছে। চারদিকে চলছে নির্যাতন। নির্বিচারে মারছে মানুষ। ক্যান্টনমেন্ট পালিয়ে স্বদেশিদের বাঁচাতে মুক্তিযুদ্ধে যোগ দিলেন। প্রাণপণে লড়ছেন। শক্ত হাতে। বুক চিতিয়ে। পশ্চিমা আর তাদের দোসরদের বিরুদ্ধে। যুদ্ধের মাঠে সাহসী সেই যোদ্ধার প্রশস্ত শক্ত বুকটায় একদিন বিঁধল শত্রুর বুলেট। লুটিয়ে পড়লেন মাটিতে। বীর মুক্তিযোদ্ধার লাল রক্ত গড়িয়ে পড়ছে বাংলার সবুজে। মরে যাননি। স্বাধীন বাংলাদেশকে দেখবেন বলে। তাঁর প্রশস্ত বুকটায় সার্জারির অসংখ্য সেলাই দিয়ে স্বাধীনতার সূর্যকে দেখার আশাটা ঢেকে রাখা হয়েছিল।

দেশকে স্বাধীন করতেই স্বপ্ন দেখেছিলেন। হেরে যাননি। আমরা পেয়েছি একটি মানচিত্র। স্বাধীন দেশে স্পেশাল ব্রাঞ্চে নিয়োগ পান তিনি। যোগ্যতা আর সততায় এখানে কর্মজীবন শেষ করেছেন। তাঁর শান্ত পরিবারের সবার মাঝেই সততা আর জ্ঞানের আলো ছড়িয়েছেন। সাত সন্তানের সবাই বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনা শেষ করেছেন। শিক্ষানুরাগী এই বীরের ঘরে ছয় পিএইচডি, তাতে দুজন নিজের সন্তান।

৪.
জীবনযুদ্ধে জয়ী দুজন কাছের মানুষ—তাঁরা আত্মবিশ্বাসী আর সংগ্রামী। আমাদের শিক্ষানুরাগী আর বীর মুক্তিযোদ্ধা বাবারা। তাঁদের কাজ দেখেছি, বেড়ে ওঠার গল্প শুনেছি, সাহসিকতার প্রমাণ পেয়েছি, সংগ্রামী জীবনের কষ্টগুলোকে অনুভব করেছি, আর আদর্শের শিক্ষাটাকে অন্তরে নিয়েছি। তাঁরা কঠোর পরিশ্রমী, সাহসী, মেধাবী ও জ্ঞানী। নিজেদের পরিবারের গণ্ডি পেরিয়ে, শিক্ষা, সমাজ ও দেশের জন্যও তাঁরা কাজ করেছেন। মানুষ বেঁচে থাকে তার এই কর্মে। যুগে যুগে। প্রজন্মের পর প্রজন্মের মধ্যে। সম্মানের সঙ্গে। আর বীরত্বে। আমরাও দেব সেরাটা। আপনি? অবশ্যই!

আরও পড়ুন:
মেধা পাচার

ড. মো. সাদেকুল ইসলাম পিএইচডি: রিসার্চ সায়েন্টিস্ট, টরন্টো, কানাডা।
ই–মেইল: [email protected]>