চরবাসী, ছিন্নমূল ও বাঁধে আশ্রয় নেওয়া দুর্গতদের দুর্ভোগ চরমে
ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছেন বগুড়া, পাবনা ও নাটোরের ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বিশেষ করে চরবাসী ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া দুর্গতদের কষ্টের সীমা নেই। অসহায় শীতার্তদের মধ্যে সরকারিভাবে শীতবস্ত্র বিতরণের তেমন উদ্যোগ নেই। ইতিমধ্যে শীতজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বগুড়া: গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশা বৃষ্টির কারণে রংপুর-ঢাকা মহাসড়কে চলাচলকারী যানবাহন দিনের বেলায়ও হেডলাইটের আলো জ্বালিয়ে চলাচল করে। রেলস্টেশন, ফুটপাত ও বাসটার্মিনালে আশ্রয় নেওয়া ছিন্নমূল ও ভাসমান মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা গত কয়েক দিনের অবিরাম শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছেন। অনেকেরই গরম কাপড় নেই। বগুড়া আবহাওয়া অধিদপ্তর জানায়, শহর ও শহরতলিতে কুয়াশা বৃষ্টির কারণে দুপুর পর্যন্ত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।লালপুর (নাটোর): দিনভর সূর্যের দেখা মেলেনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, এক সপ্তাহে শীতজনিত রোগে (ডায়রিয়া, নিউমোনিয়া ও অ্যাজমা) হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা বেড়েছে। এ ছাড়া সর্দি, জ্বর ও ঠান্ডাজনিত রোগীরা অধিক সংখ্যায় হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। ঈশ্বরদী (পাবনা): সাঁড়া ইউনিয়ন থেকে ১৫ কিলোমিটার দূরে সাহেবনগরচরে হতদরিদ্র ৩০০ পরিবারের বাস। গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, গ্রামের বিভিন্ন জায়গায় হতদরিদ্র মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছে। জরিনা খাতুন (৭৫) বলেন, ‘শীতে শরীল ভাইঙ্গা-চুইর্যা নেয়। খোলা ময়দানে থাহি, দ্যাহার কেউ নাইকা।’ বেড়া (পাবনা): দিনে সূর্যের মুখ দেখা যায়নি। ঘন কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেলা ১১টা পর্যন্ত যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সরেজমিনে দেখা গেছে, বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া অনেকে খড়কুটা জ্বালিয়ে, চুলার পাশে বসে শীত নিবারণের চেষ্টা করছে। হাটুরিয়া-নাকালিয়া ইউপি চেয়ারম্যান চাঁদ প্রামাণিক বলেন, ‘বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেওয়া কয়েক হাজার মানুষ শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে আছে। সরকারিভাবে তাদের জন্য একটি শীতবস্ত্রও আসেনি।’ ঢাকা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা সানাউল হক মণ্ডল প্রথম আলোকে বলেন, দিন-রাতের তাপমাত্রার ব্যবধান অস্বাভাবিক কমে যাওয়ায় উত্তরাঞ্চলজুড়ে গত কয়েক দিনে শীতের প্রকোপ ও ঘন কুয়াশা বেড়েছে। ঘন কুয়াশা স্বাভাবিক হতে আরও দু-তিন দিন এবং শীতের প্রকোপ কমে আসতে আরও পাঁচ-ছয় দিন সময় লাগবে।