চরভদ্রাসনে আ.লীগ নেতার ওপর হামলা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান (৪০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় আজাদ খান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন।জানা গেছে, গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের বড় ব্রিজের পশ্চিম পাশে দুই দলের সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজু তালুকদার (৩০) নামের এ ব্যক্তি আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ সংঘর্ষের জের ধরে ওই দিন বেলা তিনটার দিকে উপজেলা থানা কমপ্লেক্সের সামনের পাকা সড়কের ওপর চলন্ত গাড়ির গতিরোধ করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদ খানকে পিটিয়ে আহত করে কতিপয় সন্ত্রাসী।এ ঘটনার প্রতিবাদে ওই দিন বিকেল পাঁচটার দিকে সদর ইউনিয়নের মৌলভীরচর গ্রামের জনতা রাস্তায় বেরিয়ে পড়ে এবং তারা প্রায় এক ঘণ্টা টেপাখোলা-চরভদ্রাসন সড়ক অবরোধ করে রাখে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি অবরোধকারীদের কবলে পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসামিদের গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং বিক্ষোভকারীদের অবরোধ প্রত্যাহারে রাজি করান।