চরভদ্রাসনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
গত রোববার ওই কিশোরীর বাবা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি করেন। গতকাল সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর শালেপুর গ্রামের ফজল শিকদার ও শেখ আজাহার একই ইউনিয়নের ওই কিশোরীকে বিদেশ পাঠানোর উদ্যোগ নেন। গত ৩০ মে তাঁরা পাসপোর্ট করার কথা বলে ওই কিশোরীকে ফরিদপুর শহরে নিয়ে আসেন। পরে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় ওই ইউনিয়নের আবদুল হাই খান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে ফজল ও আজাহার কিশোরীকে ধর্ষণ করেন।
চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল বারী জানান, এলাকাবাসী গত শনিবার শেখ আজাহারকে গণপিটুনি দেয়। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।