চরভদ্রাসনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ধসে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যাসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ফরিদপুরের চরভদ্রাসনের বেড়িবাঁধটি দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এই বাঁধ ধসে পুরো উপজেলা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।চরভদ্রাসন শহরের উত্তর-পূর্ব কোণে পদ্মার তীর ঘেঁষে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাত বছর আগে সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের একটি এল আকৃতির বেড়িবাঁধ নির্মাণ করে। ২০০৮ সালের বন্যায় বেড়িবাঁধের ফাজিলখাঁরডাঙ্গী এলাকায় ১০০ মিটার অংশ বিধ্বস্ত হয়। গত বছর বেড়িবাঁধের ঢালের অংশে একটি গর্তের সৃষ্টি হয়। গত কয়েক বছরে এই অংশের দেড় কিলোমিটারে বড় আকারের অনেক গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু এসব ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ না নেওয়ায় বেড়িবাঁধটির অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ বলেন, ‘বেড়িবাঁধটি সংস্কারের জন্য বারবার অনুরোধ করা হলেও সংশিষ্টদের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।’ পাউবোর ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সর্দার সিরাজুল হক জানান, তিনি ৩০ এপ্রিল বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে বাঁধ সংস্কারের কাজ শুরু হতে পারে।