চরভদ্রাসনে চন্দ্রবোড়া সাপের উপদ্রব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন চর এলাকায় একজাতীয় সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা। গত তিন মাসে পাঁচজনকে এ সাপ কামড় দিয়েছে। এর মধ্যে মারা গেছেন দুজন।

একটি মৃত সাপের ছবি দেখে অজানা এ সাপকে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া সাপ) হিসেবে চিহ্নিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান।

চরভদ্রাসন সদর ও চর ঝাউকান্দা ইউনিয়নে পদ্মা নদীর চর এলাকায় গত তিন মাসে পাঁচ ব্যক্তিকে সাপ কামড় দিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। কামড়ের পর তাঁদের শারীরিক উপসর্গগুলো প্রায় একই রকম। এর মধ্যে কামড়ের জায়গা ফুলে যাওয়া, হার, মাংস ও শরীর ব্যথা হওয়া, বমি হওয়া প্রধান। এ ধরনের উপসর্গ আগে কোনো সাপে কাটা রোগীর দেখা যায়নি বলে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান।

গত শবে বরাতের দিন সদর ইউনিয়নের গোপালপুর চরে সাপে কামড় দেয় আবদুল শিকদারের ডাঙ্গী গ্রামের হারুন মুনশিকে (৫৫)। কবিরাজি চিকিৎসায় কোনো ফল না পেয়ে চিকিৎসকের কাছে নিয়েও তাঁকে বাঁচানো যায়নি। তাঁর জামাতা সদর ইউপির সদস্য বোরহান মোল্লা জানান, সাপে কামড়ের পর তাঁর শ্বশুরের পা ফুলে যায় এবং দংশন স্থানে পচনের সৃষ্টি হয়। দীর্ঘ আড়াই মাস অসুস্থ থেকে তিনি মারা যান।

গত ২২ জুলাই চর ঝাউকান্দা ইউনিয়নের লতিফ মৃধার ডাঙ্গী গ্রামের রোকন মুনশি (৫০) ও সুখা মুনশিকে (৪০) সাপ কামড় দেয়। স্থানীয় কবিরাজের চিকিৎসায় সুখা মুনশি সুস্থ হলেও রোকন মুনশি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোকনের স্ত্রী হায়াতুন্নেছা জানান, তাঁর স্বামীকে সাপে কামড় দেওয়ার পর তিনি ছোট আকারের অজগরের মতো একটি সাপ দেখতে পান, যার চলার ধরন সাধারণ সাপের মতো না। হলুদ গোল চক্রাকার সাপটির চলার ধরন দেখে অনেকটা লাফিয়ে চলছে এমন মনে হয়।

৫ আগস্ট গোপালপুর ফেরিঘাট-সংলগ্ন বাদুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বাসিন্দা রহিম মোল্লা (৪০) পাট কাটতে গিয়ে সাপের কামড়ের শিকার হন। কামড়ের পর প্রচণ্ড ব্যথাসহ তাঁর পা ফুলে যায়। তিনি হাসপাতালে চিকিৎসা না নিয়ে আক্কাস সরদার নামের এক কবিরাজের কাছে তিন দিন চিকিৎসার পর এখন একটু সুস্থ থাকলেও কামড়ের স্থানে ক্ষত রয়েছে। ৮ আগস্ট বাদুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের রহিমের প্রতিবেশী ইদ্রিস শিকদারের বাড়ি থেকে একটি সাপ মারেন স্থানীয় ব্যক্তিরা।

চন্দ্রবোড়ার বিষক্রিয়ার সঙ্গে আক্রান্ত রোগীদের উপসর্গের অনেকটাই মিল রয়েছে। স্থানীয় লোকজনের ধারণা, চন্দ্রবোড়ার দংশনের শিকার হয়েছেন উল্লিখিত ব্যক্তিরা। অনেকেই ভয়ে চরে যাওয়া ছেড়ে দিয়েছেন।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘আমি সাপে কাটা দুটি রোগী পেয়েছি—একজন জীবিত, অন্যজন মৃত। দুজনকে বিষধর সাপে কামড় দিয়েছে।’ তবে কোন জাতীয় সাপ তা তিনি বলতে পারেননি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘সাধারণত বরেন্দ্র অঞ্চলে চন্দ্রবোড়া সাপ দেখতে পাওয়া যায়। তবে চরভদ্রাসনের সাপের ছবি দেখে আমি নিশ্চিত এটি চন্দ্রবোড়া সাপ। ধারণা করা যায়, বন্যার পানিতে ভেসে এসে চরভদ্রাসনের চরাঞ্চলে ওই সাপ বংশ বিস্তার করেছে।’ তিনি বলেন, এ সাপ কামড় দিলে কামড়ের জায়গায় পচন ধরে।