চরভদ্রাসনে চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত
ফরিদপুরের চরভদ্রাসনে ইজিবাইক চোর সন্দেহে জনতার পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হেলাল খাঁ (৩০) চরভদ্রাসন সদর ইউনিয়নের সবুল্লাহ শিকদারের ডাঙ্গী গ্রামের মোসলেম খাঁর ছেলে। এ ঘটনায় আহত খোকন মিয়াকে (৪৮) আটক করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা মান্নান মিয়ার ছেলে।
উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা গ্রামের বাসিন্দা ইজিবাইকের মালিক বাবুল খাঁ বলেন, বৃহস্পতিবার রাতে কাজ শেষ করে পাশের গাজীরটেক ইউনিয়নের তেলেডাঙ্গী গ্রামের সাঈদ মোল্লার দোকানে ইজিবাইকটি চার্জ দেওয়ার জন্য রেখে আসেন। সেটি চুরি করে নিয়ে যাওয়ার সময় পিটুনিতে একজন নিহত এবং একজন আহত হন।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব জানান, আনুমানিক রাত তিনটার দিকে তিন ব্যক্তি ইজিবাইকটি চুরি করে নিয়ে যাচ্ছিলেন। এলাকাবাসী টের পেয়ে তাঁদের ধাওয়া করে আটক করেন। ওই সময় ইজিবাইকের চালক বেশে থাকা রহমান নামের এক যুবক জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যান। ধরা পড়েন হেলাল ও খোকন। ক্ষুব্ধ জনতার পিটুনিতে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। খবর পেয়ে চরভদ্রাসন থানা-পুলিশ ঘটনাস্থল থেকে হেলালের লাশ উদ্ধার করে। আহত খোকনকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত গতকাল শুক্রবার বিকেলে জানান, এ ঘটনায় গণপিটুনিতে মৃত্যু ও চুরির অভিযোগে পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে।