চরভদ্রাসনে জমি ও বাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনে পদ্মার ভাঙনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার তিনটি ইউনিয়নের ৩০ একর ফসলি জমি ও সাতটি বসতবাড়ি বিলীন হয়ে গেছে।তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা জানান, গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গি, চর হোসেনপুর এবং নতুন ডাঙ্গি গ্রামে ১০ একর, সদর ইউনিয়নের এমপি ডাঙ্গি ও ফাজিলখার ডাঙ্গি গ্রামে ১২ একর এবং চর হরিরামপুর ইউনিয়নে আট একর ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, গত তিন দিনে সদর ইউনিয়নের এমপি ডাঙ্গি গ্রামের সাতটি বসতবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙনের মুখে পড়ে এক ব্যক্তি বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, এমপি ডাঙ্গির ভাঙনকবলিত এলাকায় ৩ জুলাই থেকে পর পর তিন দিন বেসরকারি উদ্যোগে দুই হাজার ২৭৫টি বালুভর্তি বস্তা ফেলা হলেও ভাঙন রোধ করা যায়নি। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে দফায় দফায় ধরনা দিয়েও কোনো ফল পাওয়া যায়নি।ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, চরভদ্রাসনে ভাঙনরোধে ২৫ কোটি টাকার দুটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রকল্প দুটি অনুমোদন হলে ভাঙন রোধে কাজ শুরু করা হবে।