চরভদ্রাসনে টিসিবির পণ্য মিলছে না
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চলতি রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রির জন্য টিসিবির কোনো দোকান খোলা হয়নি। উপজেলার তিনটি ইউনিয়নে চারজন ডিলার থাকলেও বরাদ্দ না আসায় এবং পরিবহন-জটিলতার কারণে তাঁরা পণ্যসামগ্রী তুলতে পারছেন না। এ কারণে সাধারণ মানুষ ন্যায্য মূল্যে কোনো পণ্যসামগ্রী কিনতে পারছেন না।সদর ইউনিয়নের কামারডাঙ্গী গ্রামের আবুল কালাম বলেন, ‘প্রতিবছর রমজান মাসে আমরা ন্যায্য মূল্যের দোকান থেকে চিনি, মসুর ডাল, ভোজ্যতেল, খেজুরসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কিনি। কিন্তু এবার এ সুযোগ পাইনি।’গাজীরটেক ইউনিয়নের টিসিবির ডিলার আহসানুল হক বলেন, ‘চাল, ডাল, চিনি, তেল প্রভৃতি দ্রব্যসামগ্রী খুলনার ডিপো থেকে তুলে এ এলাকায় আনতে যে পরিবহনখরচ হয়, তাতে আমাদের কোনো লাভ থাকে না। এ জন্য আমি পণ্য তুলিনি।’ চরভদ্রাসন সদর ইউনিয়নের ডিলার মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমি টিসিবির পণ্য বরাদ্দ পাইনি। তাই কোনো মালামাল তুলিনি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ বলেন, ‘টিসিবির ডিলাররা আমাকে জানিয়েছেন, তাঁরা কেউ কেউ এ মাসে টিসিবির পণ্যের বরাদ্দ পাননি। আবার কেউ কেউ বরাদ্দ পেলেও টাকার অভাবে তা তুলতে পারেননি। বিষয়টি আমি জেলা প্রশাসককে জানাব।’