চরভদ্রাসনে পদ্মা নদীর ৪৬ কিলোমিটার বাঁধ হুমকিতে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে পদ্মা নদীর ৪৬ কিলোমিটার বেড়িবাঁধ হুমকির মুখে রয়েছে। এ কারণে সাধারণ বৃষ্টি ও বন্যাতেই বাঁধটি ধসে পড়তে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, ২০০৩ থেকে ২০০৫ সালের মধ্যে চরভদ্রাসন উপজেলার সদর, চরহরিরামপুর ও গাজীরটেক ইউনিয়নে বন্যা ঠেকাতে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো তদারকি না থাকায় বাঁধ দুর্বল হয়ে যায়। বাঁধের কয়েকটি অংশ যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে।
চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক জানান, পদ্মা নদীর তীরে তিনটি জায়গায় মোট ২০ কিলোমিটার বাঁধ রয়েছে। বালিয়াডাঙ্গি গ্রাম থেকে ফাজিলখাঁরডাঙ্গি হয়ে এমপিডাঙ্গি পর্যন্ত সাত কিলোমিটার, টিলারচর গ্রাম থেকে জাকেরের সুরা স্লুইসগেট হয়ে মৌলভীরচর হাট পর্যন্ত আট কিলোমিটার এবং হাজীডাঙ্গি গ্রাম থেকে শেখেরডাঙ্গি হয়ে মাথাভাঙ্গা গ্রাম পর্যন্ত পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে বেড়িবাঁধগুলো দুর্বল হয়ে পড়েছে। এগুলো যেকোনো সময় ভেঙে যেতে পারে।
চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ওবায়দুর রহমান বারী জানান, ইউনিয়নের দুটি জায়গায় ১৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আলম ফকিরেরডাঙ্গি গ্রাম থেকে আরজখাঁরডাঙ্গি গ্রাম পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ও চরশালেপুর আশ্রয়ণকেন্দ্র থেকে আবদুল হাই খান হাট হয়ে আমিনখাঁর হাট পর্যন্ত প্রায় আট কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব ও বাঁধের ওপর ঘর তৈরি করাসহ নানা অব্যবস্থাপনার কারণে তা ঝুঁকির মুখে রয়েছে।
গাজীরটেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান, ইউনিয়নের চরঅমরাপুর গ্রাম থেকে জয়দেব সরকারেরডাঙ্গি হয়ে বাহারুল উলুম মাদ্রাসা পর্যন্ত ১৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। বাঁধের ঢালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েক শ পরিবার বাস করে। এসব পরিবারের সদস্যরা ওই বাঁধের ওপর গৃহস্থালির কাজ ও গরু-ছাগল পালন করছে। এতে বাঁধে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর তদারকি করছে না।
চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ জি এম বাদল আমিন জানান, উপজেলার প্রায় ৪৬ কিলোমিটার বেড়িবাঁধই ঝুঁকির মধ্যে রয়েছে। তাই স্বাভাবিক বন্যায় বেড়িবাঁধ ধসে গেলে ওই এলাকা পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অবিলম্বে এর সংস্কারকাজ শুরু করতে পাউবোর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।
চরভদ্রাসনে ৪৬ কিলোমিটার বেড়িবাঁধ নাজুক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করে ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার প্রথম আলোকে বলেন, তহবিলের অভাবে দীর্ঘদিন ধরে ওই বেড়িবাঁধগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। চরভদ্রাসন উপজেলার ৪৬ কিলোমিটার বেড়িবাঁধের সংস্কারকাজের জন্য চার কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে আগস্ট মাস থেকে কাজ শুরু করা হবে।