চরভদ্রাসনে পদ্মার পানি কমছে, বেড়েছে ভাঙন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরাঞ্চলে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। তবে প্রবল বর্ষণ আর ঝোড়ো হাওয়ার কারণে ভাঙন বেড়েছে। গত দুই দিনে পাঁচটি গ্রামের অন্তত ৩০ একর ফসলি জমি ও ২০টি ভিটা পদ্মায় বিলীন হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো), স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চরভদ্রাসন এলাকায় গত কয়েক দিনে পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে। বর্তমানে পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু গত মঙ্গলবার রাত থেকে এলাকায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছে। এতে নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে চরভদ্রাসন সদর ইউনিয়নের ফাজেল খাঁরডাঙ্গি ও এমপিডাঙ্গি, গাজীরটেকের জয়দেব সরকারডাঙ্গি ও চরহোসেনপুর এবং চরঝাউকান্দার চরকালকিনিপুর গ্রামে পদ্মা নদীর ভাঙনের তীব্রতা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এসব গ্রামের অন্তত ৩০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া ২০টি ভিটা ধসে পড়েছে। তবে এসব ভিটার ওপরে থাকা ঘরবাড়িগুলো আগেই সরিয়ে নেওয়ায় ক্ষতি কম হয়েছে।
পাউবোর ফরিদপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী জহুরুল হক বলেন, ‘ভাঙনের বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’