চরভদ্রাসনে পদ্মার ভাঙন তীব্র, ঝুঁকিতে পাঁচটি গ্রাম
পদ্মা নদীর পানি কমায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভাঙন তীব্রতর হয়েছে। উপজেলা সদরের এমপিডাঙ্গী গ্রামের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত চার দিনে গ্রামটির আট একর ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে; বসতবাড়িও হুমকির মুখে। পার্শ্ববর্তী আরও চারটি গ্রাম ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুর কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টার ব্যবধানে গতকাল সোমবার সকাল ছয়টায়
রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি ৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। জুলাইয়ের শেষের দিকে
একই স্থানে বিপৎসীমার ১০১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
এলাকাবাসী সূত্র জানায়, দুই সপ্তাহ ধরে পদ্মার পানি কমছে। এর প্রভাবে গত শুক্রবার নদীতীরবর্তী এমপিডাঙ্গী গ্রামে ভাঙন দেখা দেয়। গতকাল পর্যন্ত এই গ্রামের আট একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। বসতবাড়িসহ চরভদ্রাসন-জেকের সুরা সড়ক হুমকির মধ্যে রয়েছে। বর্তমানে সড়কটির ৪০ ফুট দূরে নদীর ভাঙন পৌঁছে গেছে। এমপিডাঙ্গীর পাশাপাশি বালিয়াডাঙ্গী, হাজীডাঙ্গী, মাথাভাঙ্গা, জয়দেব সরকারের ডাঙ্গীও ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এতে তিন শতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়বে।
ভাঙনকবলিত এলাকার বাসিন্দা মোকছেদ সিকদার (৬৫) বলেন, ‘বাপ-দাদার ভিটেই বাস করছি। নদীর করাল গ্রাসে ফসলি জমি অনেক আগেই বিলীন হয়েছে। এখন শুধু বসতভিটা বাকি। এটুকু গেলে আমাদের রাস্তায় গিয়ে উঠতে হবে।’
গত রোববার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা সিদ্দিকা ও চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজাদ খান।
মো. আজাদ খান আশঙ্কা প্রকাশ করে বলেন, যেভাবে ভাঙন দেখা দিয়েছে, তাতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এমপিডাঙ্গীসহ অন্তত পাঁচটি গ্রামে ভাঙন ছড়িয়ে পড়তে পারে। এর ফলে কয়েক শ পরিবার আশ্রয়হীন হয়ে পড়বে।
ইউএনও ফারজানা সিদ্দিকা বলেন, নদীভাঙনের বিষয়টি জেলা প্রশাসক ও পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে গতকাল পাউবোর জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হেকিম ও নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন। সুলতান মাহমুদ বলেন, ‘ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’