চরভদ্রাসনে পদ্মার ভাঙনে ফসলি জমি বিলীন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নে গত এক সপ্তাহে পদ্মা নদীর ভাঙনে প্রায় ১০ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের মোল্লা ডাঙ্গি থেকে ব্যাপারী ডাঙ্গি পর্যন্ত ১৩ মে থেকে ভাঙন শুরু হয়েছে৷ এতে প্রতিদিনই ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
চর হরিরামপুরের বাসিন্দা কৃষক ইউসুফ ভূঁইয়া জানান, পদ্মা নদীর দক্ষিণ পারে হাজিগঞ্জ বাজার এবং উত্তর পারে চর হরিরামপুর ইউনিয়নের মোল্লা ডাঙ্গি, ব্যাপারী ডাঙ্গি ও বাদশার খেয়াঘাট। বর্তমানে মোল্লা ডাঙ্গি, ব্যাপারী ডাঙ্গি ও খেয়াঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে।
বাদশার খেয়াঘাট এলাকার দোকানমালিক শেখ জিও জানান, গত এক সপ্তাহে (১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত) ওই এলাকায় প্রায় ১০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, ‘চর এলাকার ভাঙন রোধ করার জন্য আপাতত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’