চরভদ্রাসনে পাঁচটি দোকানে ডাকাতি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজারে বুধবার পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই দিন রাতে একটি যন্ত্রচালিত নৌকায় করে ১৬-১৭ জনের ডাকাত দল চরহাজীগঞ্জ বাজারে আসে। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে নৈশপ্রহরী অলক কুমার পালিয়ে যান। অপর নৈশপ্রহরী শাহীনুজ্জামানকে ডাকাতেরা বেঁধে ফেলে। তারা হার্ডওয়্যার ব্যবসায়ী বিনয় কর্মকারকেও বেঁধে ফেলে। এরপর তারা শ্রীকান্ত কর্মকারের আশা জুয়েলার্সের তালা ও সিন্দুক ভেঙে নগদ চার লাখ টাকা, আট ভরি ওজনের সোনা ও ৮০ ভরি ওজনের রুপা, গোপাল কর্মকারের শিল্পী জুয়েলার্সের তালা ভেঙে ৮০ হাজার টাকা, আট ভরি ওজনের সোনা ও ২০ ভরি ওজনের রুপা, অমূল্য কর্মকারের রেখা জুয়েলার্স থেকে দুই লাখ টাকা, সাড়ে চার ভরি ওজনের সোনা ও ৬০ ভরি রুপা, বিনয়ের দোকান থেকে ১৯ হাজার টাকা এবং আবদুস সালামের আমিন স্টোর থেকে এক লাখ ২৫ হাজার টাকা ও দেড় ভরি ওজনের একটি সোনার চেইনসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।