চরভদ্রাসনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৯
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বিভিন্ন গ্রামে গত সোমবার পাগলা কুকুরের কামড়ে ১৯ জন আহত হয়েছে। আহত ব্যক্তিরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল আটটার দিকে উপজেলা সদরের হেলিপ্যাড গ্রামের শেখ হায়দারের মেয়ে সুমাইয়াকে (৯) বাড়ির উঠানে অবস্থান করছিল। হঠাৎ একটি পাগলা কুকুর এসে তার পায়ে কামড়াতে থাকে। এ সময় শিশুটিকে রক্ষা করতে গিয়ে প্রতিবেশী সিরাজ ঠাকুরও (৪০) সেখানে গেলে কুকুরের কামড়ে তিনিও আহত হন। মুহূর্তের মধ্যে কুকুরটি ওই এলাকার আরও চারজনকে কামড়ে আহত করে।এলাকাবাসী ধাওয়া করলে কুকুরটি আলমনগর গ্রামে গিয়ে আরও তিনজন, এমকেডাঙ্গী গ্রামের চারজন, বালিয়াডাঙ্গী গ্রামের তিনজন ও বিএসডাঙ্গী গ্রামের তিনজনকে কামড়ে আহত করে।চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবিদুর রেজা জানান, অনেকের মাংসপিণ্ড ছিন্ন করে হাড় পর্যন্ত বের হয়ে গেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের ফরিদপুরে পাঠানো হয়েছে। চরভদ্রাসনের ইউএনও বলেন, পাগলা কুকুরটিকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে।