চরভদ্রাসনে পুড়ে গেছে পাঁচ দোকান
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান। শুক্রবার ভোর পাঁচটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে প্রায় ৭০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে।
এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের হাইস্কুল রোডে অবস্থিত একটি ফার্মেসি ও একটি সেলুনের সংযোগ এলাকা থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন কয়েকটি দোকানে ছড়ায়। মাইকিং শুনে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে ফরিদপুর শহর থেকে ফায়ার সার্ভিসের দুটি এবং ভাঙ্গা থেকে একটি ইউনিট এসে আগুন নেভায়।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন বিষ্ণু চন্দ্র শীল, আ. রশিদ, মো. নাসিরউদ্দীন, আবুল মুন্সি ও মো. কামাল শিকদার।
ইলেকট্রিক দোকানের মালিক মো. নাসিরউদ্দীন বলেন, এ আগুনে তাঁর ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। মুদির দোকানের মালিক মো. কামাল শিকদার জানান, এ অগ্নিকাণ্ডে তাঁর ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। মুদী দোকানদার আবুল মুন্সী জানান, আগুনে তাঁর ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুন নেভাতে ফরিদপুরের দুটি ও ভাঙ্গার একটি ইউনিট কাজ করেছে।
অগ্নিকাণ্ডের খবর শুনে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহার ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রাসাদ ভক্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ তদারকি করেন।