চরভদ্রাসনে ১০ একর ফসলি জমি পদ্মায় বিলীন
পদ্মার ভাঙনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রায় ১০ একর ফসলি জমি ও দুটি বসতবাড়ি বিলীন হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার থেকে পদ্মা পারের উপজেলার সদর ইউনিয়নের এমপিডাঙ্গী, বালিয়াডাঙ্গী, ফাজিলখারডাঙ্গী, হাজিডাঙ্গী এবং গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী, চর হোসেনপুর, নতুনডাঙ্গী গ্রামগুলোতে ভাঙন শুরু হয়েছে। গত দুই দিনে এসব এলাকার প্রায় ১০ একর ফসলি জমি ও বিভিন্ন ধরনের শতাধিক গাছ পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এমপিডাঙ্গী গ্রামের শেখ ইলাজ উদ্দিন ও শেখ সালাম নামের দুই ব্যক্তির বসতবাড়ি বিলীন হয়ে গেছে। উপজেলা সদরের মাত্র দেড় কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভাঙন দেখা দিয়েছে। ফলে উপজেলা পরিষদও হুমকির মুখে পড়েছে। রোববার বিকেলে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিল আফরোজা বেগম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন বলেন, এমপিডাঙ্গী গ্রামের বেড়িবাঁধসংলগ্ন এলাকায় ভাঙন রোধ করা না গেলে উপজেলা পরিষদও ভাঙনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন বলেন, ‘বর্তমানে ভাঙন রোধে আমাদের কোনো ফান্ড নাই। এ ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বরাদ্দ পাওয়া গেলে আমরা কাজ করতে পারি।’