চরভদ্রাসনে ২০০ একর ফসলি জমি পদ্মায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত ছয় দিনে সদর ইউনিয়নের এমপিডাঙ্গি ও বালিয়াডাঙ্গি গ্রামের ১৮টি বসতঘর ও ২০০ একর ফসলি জমি, ৪০টি বাঁশঝাড়সহ চার শতাধিক গাছ বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে এমপিডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে পদ্মার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে ভাঙনের হুমকিতে রয়েছে এমপিডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল ফারুকীয়া মাদ্রাসা, এমপিডাঙ্গি ঈদগাহ ময়দান, এমপিডাঙ্গি গোরস্থানসহ বিভিন্ন স্থাপনা।চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে চরভদ্রাসন বেড়িবাঁধ ও বাজার রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। এ ছাড়া গত শুক্রবার মাসিক উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি আলোচনা করা হয়েছে।ইউএনও আবদুর রশিদ বলেন, ‘ভাঙনের খবর শুনেছি। ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পাঠাতে বলা হয়েছে।’ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, পদ্মার ভাঙন ঠেকাতে পাউবোর ৬৮ কোটি টাকার একটি প্রকল্প ২০১১ সালে পানিসম্পদ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। ওই প্রকল্পে হাজিগঞ্জের কাছে নদীতে ড্রেজিং করার ব্যবস্থা রাখা হয়েছে। ওখানে ড্রেজিং করা হলে এমপিডাঙ্গি ও বালিয়াডাঙ্গি গ্রাম দুটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে।’