চরভদ্রাসনে ৫২ একর ফসলি জমি পদ্মায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার ভাঙনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নে দুটি গ্রামের ২৭টি বসতভিটা ও ৫২ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ ও মুন্সিডাঙ্গি গ্রামের পদ্মা তীরবর্তী প্রায় এক কিলোমিটার অংশজুড়ে এক সপ্তাহ ধরে ভাঙন শুরু হয়েছে। এক সপ্তাহে দুটি গ্রামের ২৭টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাড়িঘর সরিয়ে ঢাকা-দোহার সড়কে আশ্রয় নিয়েছে। এ ছাড়া গ্রাম দুটির প্রায় ৫২ একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে মুন্সিডাঙ্গি গ্রামের চর তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ভাঙনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করতে বলেছেন এবং প্রাথমিক বিদ্যালয়টি ভেঙে যাওয়ার আগেই সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ভাঙনকবলিত এলাকার লোকজন খুবই দরিদ্র। তাদের জরুরি ভিত্তিতে সাহায্য দেওয়া এবং ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার বলেন, চর ঝাউকান্দার ওই দুটি গ্রামের ভাঙন রোধে পাউবোর কোনো কার্যক্রম নেই।