চরভদ্রাসনের ঘাটের ব্যাপারে আদালতের নির্দেশ কার্যকর হয়নি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের এমপিডাঙ্গি এলাকায় পদ্মা নদীর তীরে অবৈধ খেয়াঘাটের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাংগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৭ ডিসেম্বর এ নির্দেশ দেন। এতে উল্লেখ করা হয়, আদেশ পাওয়ার ১০ দিনের মধ্যে এমপিডাঙ্গি এলাকার ঘাটের বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য ফরিদপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।এ আদেশ দেওয়ার পাঁচ দিন পর ১২ ডিসেম্বর ফরিদপুরের তৎকালীন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) অরুণ চন্দ্র মহোত্তম হাইকোর্টের আদেশ পান। ১৪ ডিসেম্বর তিনি প্রথম আলোকে বলেন, ‘মঙ্গলবার আমরা হাইকোর্টের নির্দেশনার কপি হাতে পেয়েছি। এই নির্দেশনা মেনে চলব।কিন্তু হাইকোর্টের আদেশ পাওয়ার ১৭ দিন পরও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুরের জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।’জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘হাইকোর্টের আদেশ পাওয়ার পর আমরা স্থানীয় প্রশাসনকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছিলাম। যদিও সেই পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। আমরা অবশ্যই হাইকোর্টের নির্দেশ মেনে চলব এবং আগামী দু-এক দিনের মধ্যেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’চরভদ্রাসন সদরের গোপালপুর এলাকায় সরকারি ইজারা দেওয়া ঘাটটির দুই কিলোমিটার দূরে এমপিডাঙ্গিতে একটি অবৈধ ঘাট চালু করা হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে ২৪ নভেম্বর থেকে ওই ঘাটে যাত্রী পারাপার শুরু হয়। ওই দিনই গোপালপুর ঘাটের ইজারাদার অবৈধ ঘাটটি উচ্ছেদের আবেদন জানিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।এ ব্যাপারে ২৯ নভেম্বর ও ৬ ডিসেম্বর প্রথম আলোতে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।