চরভদ্রাসনের মানচিত্র থেকে হারিয়ে গেছে ৫৬ গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর ভাঙনের মুখে মুছে যেতে বসেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মানচিত্র। গত ১৫ বছরে মানচিত্র থেকে সম্পূর্ণ হারিয়ে গেছে ৫৬টি গ্রাম। এ ছাড়া ২০টি গ্রামের অংশবিশেষ ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। নদীভাঙনের শিকার হয়ে ভিটেমাটি খুইয়ে পথে বসেছে এসব গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। ভাঙনের যে হার তাতে করে এ বছর বর্ষায় আরও কিছু গ্রাম যে নিশ্চিহ্ন হবে তা বলাই যায়। কিন্তু ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নদীগর্ভে বিলীন হওয়া ৫৬টি গ্রামের মধ্যে সদর ইউনিয়নে পাঁচটি, গাজীরটেক ইউনিয়নে ২৩টি, চর হরিরামপুর ইউনিয়নে ২১টি ও চর ঝাউকান্দা ইউনিয়নে সাতটি গ্রাম। এই ৫৬ গ্রামের আট হাজার ২৭২টি পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ ভিটেমাটি হারিয়ে ছিন্নমূল হয়ে পড়েছে। উপজেলার বিভিন্ন বেড়িবাঁধ ও পাকা সড়কে এসব ছিন্নমূল পরিবার আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে বিভিন্ন পতিত জমিতে কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করে নেওয়ার চেষ্টা করছে।উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাকালে অর্থাৎ ১৯৮৩ সালের ১ আগস্ট স্থাপিত এ উপজেলার মোট জমির পরিমাণ ছিল ১৮ হাজার ৩২৩ হেক্টর। এর মধ্যে আবাদযোগ্য জমি ছিল ১০ হাজার ৩৭০ হেক্টর; এখন আছে ছয় হাজার ১১৫ হেক্টর। গত ১৫ বছরে এ উপজেলার চার হাজার ২৫৫ হেক্টর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ১৯৯৫ সালের আগ পর্যন্ত পদ্মার গতিপথ চরভদ্রাসন থেকে দূরে ছিল। এর পর থেকেই ভাঙনের মাধ্যমে নদী এ উপজেলার সীমানার মধ্যে ঢুকে পড়তে থাকে।জানা গেছে, উপজেলায় পদ্মা নদীর এপার-ওপার মিলে মোট ৬৩ কিলোমিটার তীরের মধ্যে শুধু চরহাজিগঞ্জ বাজার এলাকায় এক কিলোমিটার অংশে সিসি ব্লকের বাঁধ আছে। ৬২ কিলোমিটার নদীতীর সম্পূর্ণ অরক্ষিত।চরভদ্রাসনের চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর ইউনিয়নের পূর্বদিকের মাথাভাঙ্গা গ্রাম থেকে আ. গফুর মৃধার ডাঙ্গী, চার আনিরটেক, খালাসী ডাঙ্গী, গোপালপুর পদ্মার ঘাট হয়ে পশ্চিমের এমপি ডাঙ্গী, হাজী ডাঙ্গী, বালিয়া ডাঙ্গী ও টিলারচর গ্রাম পর্যন্ত দীর্ঘ প্রায় ৩০ কিলোমিটার নদীতীর অরক্ষিত রয়েছে। গাজীরটেক ইউনিয়নের পশ্চিম দিকের সাইনবোর্ড এলাকা থেকে উত্তর পাশের চর হোসেনপুর, নতুন ডাঙ্গী, বিন্দু ডাঙ্গী, জয়দেব সরকার ডাঙ্গী গ্রাম পর্যন্ত পাঁচ কিলোমিটার নদীতীর উন্মুক্ত। চর ঝাউকান্দা ইউনিয়নের চর মঈনুট ফেরিঘাটের পূর্ব দিকে উত্তর নবাবগঞ্জ ও চর কালকিনিপুর মৌজার নয় কিলোমিটারসহ পশ্চিমের চর মির্জাপুর মৌজা, মোজ্জাফরাবাদ, দিয়ারা ঝাউকান্দা, দিয়ারা গোপালপুর, চর কল্যাণপুর ও তেরধুনা মৌজার সাত কিলোমিটার নদীতীর অরক্ষিত। চর হরিরামপুর ইউনিয়নের উত্তরে চর শালেপুর মৌজা থেকে পশ্চিম দিকের আমিন খার ডাঙ্গী, ছমির বেপারীর ডাঙ্গী ও ইকরাম মাতুব্বর ডাঙ্গী গ্রামের শেষ সীমানা এবং অপর পাড়ে বিশাই মাতুব্বরের ডাঙ্গী ও আরোজ খার ডাঙ্গী গ্রামের ১১ কিলোমটির নদীতীর উন্মুক্ত অবস্থায় রয়েছে।ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জরিপ সূত্রে জানা গেছে, চরভদ্রাসন এলাকায় মাঝ নদীর তুলনায় পাড়ের দিকে গভীরতা প্রায় দ্বিগুণ। এ কারণে এই এলাকায় ভাঙনের তীব্রতা বেশি।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ব্লক দিয়ে নদীর ভাঙন ঠেকানো সম্ভব নয়। ভাঙন রোধে ড্রেজিং করে নদীর গতিপথ পরিবর্তন করতে হবে।চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন অব্যাহত থাকলেও শুধু হাজিগঞ্জ বাজার এলাকার কিছু অংশ বেঁধে দেওয়া ছাড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধে আর কোনো পদক্ষেপ নেয়নি।ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সরদার সিরাজুল হক বলেন, ‘ভাঙন ঠেকাতে বাঁধ উঁচু করা এবং বাঁধগুলোর ওপর দিয়ে পাকা সড়ক নির্মাণ করে যাতায়তের ব্যাবস্থাসহ একটি সামগ্রিক পরিকল্পনা গ্রহণের জন্য আমরা কাজ শুরু করেছি। জরিপের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চরভদ্রাসনবাসী একটা স্থায়ী সমাধান পাবে বলে আমি মনে করি।’