চরম কোন্দলের মধ্যে বগুড়া আ.লীগের বর্ধিত সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। এই সভা কেন্দ্র করে দলীয় কার্যালয় এখন যেমন সরগরম, তেমনি দলের মধ্যে কোন্দলও চরম আকার ধারণ করেছে। আজকের সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় সদস্য মজিবর রহমান উপস্থিত থাকবেন। সকাল ১০টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে এই বর্ধিত সভা শুরু হবে। নিয়ম অনুযায়ী জেলা কমিটির ৭১ জন ও প্রতিটি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় উপস্থিত থাকার কথা। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতির ইচ্ছা অনুযায়ী জেলার ১০৮টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা সভায় উপস্থিত থাকছেন। দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা থেকে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সব কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হলেও সম্মেলন হচ্ছে না। দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় দলের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দলের সহযোগী সংগঠনগুলোর মধ্যম সারির নেতারা জানিয়েছেন, বগুড়ায় আওয়ামী লীগের অবস্থান অতীতের চেয়ে ভালো করার সুযোগ থাকলেও জেলা আওয়ামী লীগের সভাপতির একচ্ছত্র আধিপত্যের কারণে তা সম্ভব হচ্ছে না। তাঁর কারণেই উপজেলা কমিটিতে কোন্দল চরমে পৌঁছেছে। সম্প্রতি কাহালু ও শিবগঞ্জ উপজেলায় দলের একাংশের নেতা-কর্মীদের হাতে নাজেহাল হয়েছেন দুজন নারী সাংসদ। দলের ত্যাগী নেতারা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেছেন, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ কয়েকজন নেতা দলের প্রতি মনোযোগ না দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ফলে অনেকে জড়িয়ে পড়ছেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, জোর করে জমি দখল প্রভৃতি অপরাধে। তাঁরা বলেন, দ্রুত সম্মেলন করে নতুন নেতৃত্বকে দায়িত্ব দিলে দল চাঙা হবে। দলের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের কোনো বর্ধিত সভা হয় না। শুধু তাই নয়, জাতীয় দিবসগুলোও ঠিকমতো পালন করা হয় না। কোনো সভা করার প্রয়োজন হলে সভাপতি তাঁর কয়েকজন অনুসারীকে বাসায় ডেকে সভা করেন বলেও অভিযোগ পাওয়া যায়। সূত্রে জানা যায়, দলীয় কোন্দলের কারণে উপজেলাগুলোতে দলের কার্যক্রমে স্থবিরতা এসেছে। জেলার গাবতলীতে সাধারণ সম্পাদক মারা যাওয়ার পর ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার কথা থাকলেও সেখানে ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। শিবগঞ্জ উপজেলায় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। শাজাহানপুর, নন্দীগ্রাম, কাহালু, দুপচাঁচিয়া উপজেলায়ও একই অবস্থা বিরাজ করছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জামান নিকেতা অভিযোগ করেন, দলের সভাপতি ও তাঁর লোকজনের একনায়কতন্ত্রের কারণে দলে চরম সংকট বিরাজ করছে। তাই তরুণ ও মেধাবী নেতৃত্ব চাইলে সরকারকে বগুড়ার দিকে নজর দিতে হবে। বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মজিবর রহমান দলের কোন্দলের বিষয়টি অস্বীকার করে বলেন, বিভিন্ন কারণে সম্মেলন হয়নি। জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে বলেন, কমিটির মেয়াদ শেষ হয়েছে কি না, তা আপনাকে জানাব কেন? জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৪ সালের ৬ আগস্ট। এতে মমতাজ উদ্দিন সভাপতি ও মজিবর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই সম্মেলনও হয়েছিল আট বছর পর। তখনো সভাপতি ছিলেন মমতাজ উদ্দিন।