চরম দরিদ্রদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম দরিদ্রদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানোর মধ্য দিয়ে শেষ হলো সপ্তাহব্যাপী ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের দাবিতে প্রচারাভিযান’।গতকাল মঙ্গলবার সমাপনী আলোচনা সভায় বক্তারা বলেন, এ দেশে চরম দারিদ্র্য দূর করাসহ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বড় বাধা টাকা বা সম্পদের বণ্টন-কাঠামো। এ কাঠামোর কারণে চরম দরিদ্রদের কাছে টাকা পৌঁছায় খুব সামান্য। তাঁরা এ কাঠামো পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।জাতীয় প্রেসক্লাবে সমাপনী আলোচনা সভা শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৬টি নেটওয়ার্ক ও সংগঠনের প্লাটফর্ম দারিদ্র্যবিরোধী মঞ্চ সপ্তাহব্যাপী ওই প্রচারাভিযানের আয়োজন করেছিল।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ বলেন, দারিদ্র্যের হার কমা আর চরম দারিদ্র্য কমা এক কথা নয়। এমডিজিতে চরম দারিদ্র্য নির্মূলের কথা বলা আছে। আমাদের কাঠামোর কারণে চরম দরিদ্রদের কাছে পৌঁছানো যাচ্ছে না। চরম দারিদ্র্য দূর করতে তিনি বণ্টনপ্রক্রিয়ার কাঠামো পরিবর্তন এবং কৃষি ও শিল্পে বিপ্লব ঘটানোর কথা বলেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, দারিদ্র্যবিরোধী মঞ্চের আহ্বায়ক মহসিন আলী, মিলেনিয়াম ক্যাম্পেইনের বাংলাদেশের প্রতিনিধি মণীষা বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অঙ্গীকার বাংলাদেশের প্রধান পরিচালক মুহম্মদ হিলালউদ্দিন।বক্তারা চরম দরিদ্রদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্যে সার্বভৌমত্ব নিশ্চিত করার দাবি জানান। পরে এ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।প্রসঙ্গত, সপ্তাহব্যাপী প্রচারাভিযানে জাতীয় পরামর্শ সভা, চিত্রাঙ্কন, সমাবেশ, মানববন্ধন, গণজমায়েত, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, তথ্যচিত্র উপস্থাপন, নাগরিক পর্যবেক্ষণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।