চরম দুর্ভোগে যাত্রীরা, ট্রেনে ভ্রমণের সুযোগ সীমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল রোববার টানা চতুর্থ দিনের মতো বাস চলাচল ছিল বন্ধ। এদিকে মহাখালী বাসস্ট্যান্ড থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের প্রায় ১২টি জেলার বাস যোগাযোগ গতকাল দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ফলে ট্রেনের ওপর টাঙ্গাইলসহ উত্তরবঙ্গ ও ময়মনসিংহগামী লোকজনের চাপ বেড়ে যায়। এদিকে মহাসড়ক দ্রুত মেরামত এবং রেলের সংখ্যা ও আসন বাড়ানোর দাবিতে গতকাল বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ময়মনসিংহ শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন করে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন। মানববন্ধনকালে সংগঠনের সভাপতি আনিসুর রহমান খান বলেন, ‘এই সরকারের অনেক অর্জন ব্যর্থ হচ্ছে যোগাযোগমন্ত্রীর কারণে। তাই আমরা এই যোগাযোগমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’দুই দিনের সাপ্তাহিক ছুটি শেষে গতকাল সকালে ময়মনসিংহ শহরের মাসকান্দা ও শম্ভুগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। তবে বেশির ভাগ যাত্রীর শেষ অবলম্বন ছিল ট্রেন। সকাল ১০টায় শম্ভুগঞ্জ বাসস্ট্যান্ডে কথা হয় শেরপুরের ঝিনাইগাতির বৃদ্ধ সোলাইমান মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এটা কেমন কথা চার দিন ধরে বাস চলে না। সরকার কী করে।’ বেলা ১১টায় মাসকান্দা বাসস্ট্যান্ডে বাসচালক খবির মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা পড়েছি গ্যাঁড়াকলে। অভাবের সংসারে না পারছি বসে থাকতে, না পারছি বাস চালাতে। তাই মাইক্রোবাস চালাতে বের হয়েছি।’ ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব রবিউল আলম শাহীন বলেন, হাজারো পরিবহন শ্রমিকের কষ্ট হলেও তারা পরিবহন পরিবারের সদস্য হিসেবে আমাদের সঙ্গে একাত্ম হয়ে গাড়ি চালানো বন্ধ রাখছে।ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংস্কারের দাবিতে টাঙ্গাইলের পরিবহন মালিক ও শ্রমিকেরা গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। তবে জেলা প্রশাসনের সঙ্গে সভায় ধর্মঘট শিথিল করার ঘোষণার কারণে দুপুর থেকে টাঙ্গাইল জেলার শেষপ্রান্ত মির্জাপুরের গোড়াই পর্যন্ত বাস-মিনিবাস চলছে। এতে জেলার অভ্যন্তরে যাত্রীদের চলাচলে অসুবিধা দূর হলেও ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ কমেনি। গোড়াই থেকে তাদের টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, এমনকি ট্রাকে করে ঢাকা যেতে হচ্ছে।অনেকে ট্রেনে যাওয়ার জন্য ছুটছেন রেলস্টেশনে। কিন্তু সেখানেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। টাঙ্গাইল রেলস্টেশন সূত্র জানায়, টাঙ্গাইল হয়ে ঢাকার পথে চলাচলকারী চিত্রা এক্সপ্রেসে মাত্র চারটি, দ্রুতযানে ছয়টি, পদ্মায় আটটি, লালমনিতে চারটি ও সিল্কসিটি এক্সপ্রেসে মাত্র ছয়টি আসন টাঙ্গাইলের জন্য বরাদ্দ রয়েছে। স্টেশনমাস্টার মো. জালাল উদ্দিন জানান, যাত্রীদের অসুবিধার কথা ভেবে বিকেলে চিত্রা এক্সেপ্রেসে ঢাকা যাওয়ার অতিরিক্ত ৩০০টি স্ট্যান্ডিং (দাঁড়িয়ে যাওয়ার) টিকিট বিক্রি করা হয়েছে।