চরম দুর্ভোগে সাধারণ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অসুস্থ বাবাকে ডাক্তার দেখাতে রোববার দুপুরে লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা দিই। ২০ কিলোমিটার পাড়ি দিয়ে পাথরঘাটার কাকচিড়া লঞ্চঘাটে আসি। তারপর জানতে পারি, লঞ্চ আর যাবে না। পুলিশ যেতে দেবে না। এ অবস্থায় পাথরঘাটায় ফিরে আসি। এখন আব্বাকে কেমনে ডাক্তার দেখাব?’
কথাগুলো বলছিলেন বরগুনার পাথরঘাটা কলেজ রোডের বাসিন্দা শফিক খোকন। গতকাল সোমবার দিনভর হাজার হাজার যাত্রীকে তাঁর মতো দুর্ভোগে পড়তে হয়। একান্তই জরুরি প্রয়োজন ছিল যেসব যাত্রীর, তাঁদের অনেকেই লঞ্চ থেকে নেমে সোজা চলে যান বাসস্ট্যান্ডে। কিন্তু সেখানে গিয়েও একই দুর্ভোগে পড়তে হয় তাঁদের।
‘গণতন্ত্র হত্যা’ দিবসে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের কর্মসূচিকে কেন্দ্র করে রোববার রাত থেকে গতকাল সোমবার সারা দিন দেশের পরিবহনব্যবস্থা কার্যত অচল ছিল। পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। বিএনপির অভিযোগ, তাদের সমাবেশে অংশ নিতে প্রত্যন্ত অঞ্চল থেকে নেতা-কর্মীদের আগমন ঠেকাতে সরকার পরিকল্পিতভাবে দেশব্যাপী এই পরিবহনের অচলাবস্থা সৃষ্টি করেছে। তবে সরকারের দাবি, নাশকতার আশঙ্কা থেকেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজশাহীতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্তে রোববার সকাল নয়টা থেকে ঢাকাগামী সব বাস বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
সকালে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকা ঘুরে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, আগেই বাসের টিকিট কেটেছেন। বাস কাউন্টারে এসে শুনেছেন আর বাস যাবে না। তাঁরা ট্রেনেও যেতে পারছেন না।
মানিকগঞ্জে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকাগামী বাস চলাচল বন্ধ ছিল। সদর উপজেলার নতুন বসতি গ্রামের আবদুল মান্নান ঢাকার মতিঝিলে একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি জানান, অফিসে কাজের চাপ থাকায় এ পরিস্থিতিতেও তিনি ঢাকায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকে কোনো বাস না পেয়ে বাড়ি ফিরে যান।
গতকাল সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, টার্মিনাল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে ভিলেজ লাইন, শুভযাত্রা, পদ্মা লাইনসহ বিভিন্ন পরিবহনের বাসগুলো সারিবদ্ধ করে রাখা হয়েছে।
ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। বেলা সাড়ে ১১টার দিকে পাটগুদাম মোড়ে গিয়ে দেখা যায়, চরম অনিশ্চয়তা নিয়ে শ্রমজীবী মানুষ লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও মহেন্দ্র গাড়ি দিয়ে প্রায় তিন গুণ ভাড়ায় ময়মনসিংহের ভালুকা ও গাজীপুর যাচ্ছেন।
শেরপুর জেলা শহরের নবীনগর বাস টার্মিনালে বেলা ১১টার দিকে গিয়ে কোনো যানবাহন দেখা যায়নি। সেখানে কয়েকজন যাত্রী বলেন, তাঁরা ঢাকা যাওয়ার জন্য এসেছেন। কিন্তু যেতে পারছেন না। জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক তাঁরা বাস-কোচ চলাচল বন্ধ রেখেছেন।
বুড়িগঙ্গা নদীর ওপর কেরানীগঞ্জ থেকে ঢাকামুখী তিনটি সেতুতে গতকাল ভোর চারটা থেকে জোর তল্লাশি চালায় পুলিশ। সড়কে পুলিশের পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। ফলে সব যানবাহন চলাচল বন্ধ। কিছু সিএনজিচালিত অটোরিকশা চললেও পুলিশ যাত্রীদের নামিয়ে দেহ তল্লাশি করে। বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কদমতলী এলাকায় গিয়ে এ দৃশ্য দেখা যায়। এ ছাড়া বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কদমতলী এলাকায় সেতুর পাদদেশে মুখোমুখি দুটি ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছে পুলিশ। এদিকে কেরানীগঞ্জের ঘাটগুলোতে নৌকা চলাচল এবং বুড়িগঙ্গা প্রথম সেতুর হাসনাবাদ এলাকায় সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে সেতুর ওপর দিয়ে হেঁটেই পার হচ্ছেন অনেকে। বুড়িগঙ্গা তৃতীয় সেতুর ওয়াসপুর এলাকায়ও একই চিত্র দেখা যায়।
বরিশাল থেকে ঢাকাগামী সব বাস ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসমালিক প্রথম আলোকে জানান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশ পাওয়ার পর দুপুর থেকে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।
জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান অভিযোগ করে বলেন, বিএনপির সমাবেশে নেতা-কর্মীরা যেন অংশ নিতে না পারেন, সে জন্যই পরিকল্পিতভাবে বাস ও লঞ্চ বন্ধ করে দিয়েছে সরকার।
বরিশাল লঞ্চ মালিক সমিতির সহসভাপতি ও সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ার নির্দেশনা পাইনি। ঢাকাগামী লঞ্চ ছাড়বে রাত সাড়ে আটটায়। এর মধ্যে কোনো নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনার পাথরঘাটায় যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করে সুরভী পরিবহনের পাথরঘাটার কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, রোববার সকাল সাতটায় ২৫ জন যাত্রী নিয়ে সুরভী পরিবহন পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ২০ কিলোমিটার দূরে কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির সামনে গেলে পুলিশ গাড়িটি থামিয়ে দেয়। পুলিশ যাত্রীদের শরীর তল্লাশি করে বাসটি ফেরত পাঠায়। এভাবে কয়েকটি বাস ফেরত পাঠানোর পর এমনিতেই বাস চলাচল বন্ধ হয়ে যায়। একই কথা জানান আরও কয়েকটি পরিবহনের কর্মকর্তারা।
রোববার সকাল নয়টায় দিনাজপুরের হিলি থেকে ঢাকাগামী সব কোচের যাত্রা বাতিল করা হয়। হানিফ এন্টারপ্রাইজের হিলি কাউন্টার ম্যানেজার আহাদ আলী জানান, মালিকপক্ষের নির্দেশে সব যাত্রীবাহী কোচের যাত্রা বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কখন বাস চলাচল চালু হবে তা বলা যাচ্ছে না। ট্রাক চলাচল স্বাভাবিক থাকায় বন্দর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহনব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ ও বরিশাল অফিস এবং মানিকগঞ্জ, শেরপুর, কেরানীগঞ্জ (ঢাকা), পাথরঘাটা (বরগুনা) ও বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি)