চরম বর্বরতা

গায়ের ওপর তিনটি কম্বল। তবু থরথর করে কাঁপছেন নূরজাহান বেগম। জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের বারান্দায় পাতা বিছানায় তিনি। স্যালাইন চলছে, পাশে রাখা রক্তের ব্যাগ। দুই হাতের কবজি আর দুই পায়ের গোড়ালি সাদা ব্যান্ডেজে মোড়া। বাঁ হাতের ব্যান্ডেজ গড়িয়ে রক্ত পড়ছে।
নূরজাহান বেগম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদকও। গত বুধবার বিকেলে চরম নৃশংসতার শিকার হন এই নারী। তাঁর ডান হাত ও ডান পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। গুরুতর জখম হলেও বাঁ পা ও বাঁ হাতের রগ অক্ষত আছে। ছুরিকাঘাত করা হয়েছে বাঁ স্তনে। মুখ, পিঠ, কোমরসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরির পোঁচ।
আহত নূরজাহান নারকীয় এ হামলার জন্য স্থানীয় বিএনপির কর্মীদের দায়ী করেছেন। হামলাকারীদের কয়েকজনকে তিনি চিনেছেন বলেও জানান। যাত্রীবাহী বাস থেকে নামিয়ে রাস্তায় তাঁর ওপর নৃশংসতা চালিয়েছে দুর্বৃত্তরা। কিন্তু বাসের যাত্রী বা পথচারীদের কেউ তাঁর সহায়তায় এগিয়ে এল না।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ফেব্রুয়ারিতে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর থেকে চাঁপাইনবাবগঞ্জে এ পর্যন্ত ২১ জনের রগ কেটে দেওয়া হয়েছে। এঁদের মধ্যে একজন জাসদ ও একজন বিএনপির নেতা। বাকি সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। এ সময়ের মধ্যে সহিংসতা ও পুলিশের গুলিতে এ জেলায় ১৮ জন নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার হূদরোগ ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, নূরজাহানের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন ছেলে টমাস সরকার। মাঝেমধ্যে নূরজাহান বলে উঠছেন, ‘হাতে যন্ত্রণা করছে গো, আমার হাতটা ধর।’ বাঁকিয়ে রাখা দুই হাত সমানে কাঁপছে। শিয়রে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন চাচাতো ভাই চুটু আলী।
চুটু বলেন, ১২ বছর আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় নূরজাহানের। দুই ছেলেকে নিয়ে মোবারকপুর ইউনিয়নের কান্তিনগরে বাবার বাড়িতে চলে আসেন তিনি। সেই থেকে সংগ্রাম করেই চলেছেন নূরজাহান। চুটু আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পাঠানোর সময় সাংসদ গোলাম রব্বানী কিছু আর্থিক সহায়তা দিয়েছেন।
হাসপাতালে ছিলেন মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। তিনি জানান, কয়েক দিন ধরেই নূরজাহানকে মেরে ফেলার, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা। গত বুধবার নূরজাহান নিজের উদ্বেগ জানাতে স্থানীয় সাংসদ গোলাম রব্বানীর বাড়িতে যান। ফেরার পথে বাস থেকে নামিয়ে এ নৃশংসতা চালানো হয় তাঁর ওপর।
নূরজাহানের বিছানার পাশে চুটু আলীর সঙ্গে কথা বলার সময় চোখ খুলে তাকান তিনি। নিজে কথা বলতে চান। খুব ক্ষীণ গলায় বলতে শুরু করেন, সাংসদ গোলাম রব্বানীর বাড়ি থেকে নিজবাড়িতে ফেরার সময় প্রথমে একটি ভটভটিতে ওঠেন। কিছু দূর গিয়ে ওঠেন ভোলারহাটগামী বাসে। এ সময় তাঁর মনে হয়েছিল, কেউ একজন তাঁকে অনুসরণ করছে। বাসটি কিছু দূর যাওয়ার পর ভেতর থেকে এক যুবক দরজার কাছে গিয়ে নামতে চান। বাস থামানো হলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাত-আটজন হুড়মুড় করে বাসে ঢুকে সব যাত্রীকে নামিয়ে দেয়। এলাকার নাহিদ নামের একটা ছেলে এসে প্রথমে তাঁর বুকে ছুরি মারে।
নূরজাহান বলেন, ‘আমাকে গাইল পাড়তে পাড়তে চুলের মুঠি ধরে বাস থেকে ছিঁচড়ে নামায় তারা। নামানোর পরে গালি দিতে থাকে আর লাথি মারতে থাকে। আমি মাটিতে পড়ে যাই। একজন চায়নিজ কুড়াল দিয়ে আমার ডান হাতে একটা কোপ মারল, তার পরে আরেকটা মারল। তার পরে ডান পায়ে পরপর দুইটা মারল। তারপর বাম হাতে আর বাম পায়ে মারল। আমি বলছিলাম, ধরো তোমরা রে, আমি মইরে গেলাম। কিন্তু কেউ আসে না। কোনো ভ্যান দাঁড়ায় না, কোনো ভটভটি দাঁড়ায় না।’
নূরজাহান জানান, সারা শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গায়ের শীতের কাপড়গুলো টুকরা টুকরা হয়ে গেছে। হামলার পর প্রায় ১০ মিনিট পড়ে ছিলেন রাস্তায়। পরে গ্রামের একটা ছেলে একটা ভ্যানে উঠিয়ে নেন। কিন্তু তিনি সরাসরি হাসপাতালে নিতে সাহস পাচ্ছিলেন না। তাই প্রথমে নিয়ে যান সাংসদ রব্বানীর বাসায়। সাংসদ তাঁকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠান।
হামলার কারণ জানতে চাইলে নূরজাহান বলেন, গত ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির রায়ের পরে মোবারকপুর ইউনিয়নের টিকরিবাজারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ২৫টি দোকান, সাতটি বাড়ি ও দুটি ট্রাক্টর পুড়িয়ে দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। এ ঘটনায় মোবারকপুর ইউনিয়ন পরিষদ সদস্য তসলিমউদ্দীনকে কয়েক দিন আগে গ্রেপ্তার করে পুলিশ।
নূরজাহান জানান, বিএনপির নেতা-কর্মীদের ধারণা, তসলিমউদ্দীনকে ধরিয়ে দিয়েছেন নূরজাহান। তাঁকে মারার সময় সেই কথাই হামলাকারীরা বারবার বলছিলেন। তিনি বলেন, ‘আমি কেন তসলিমকে ধরাতে যাব। আমি ভোট করি নৌকার, আর কোনো ঝগড়া নাই কারও সঙ্গে।’
নূরজাহানের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। এঁরা হচ্ছেন বিএনপির কর্মী সানাউল ইসলাম (২১), জাকির হোসেন (২৩) ও তাঁর ভাই আবু বাক্কার (৪০) এবং ওসমান আলী (২০) ও মারুফ হোসেন (২৫)।
গত রাত ১১টায় আবার হাসপাতালে যোগাযোগ করা হলে জানা যায়, নূরজাহানকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কারণ, তাঁর ডান হাত এবং ডান পায়ের হাড় ভেঙে গেছে। এ প্রতিবেদন লেখার সময় তাঁর অস্ত্রোপচার চলছিল।