চরমধুয়ার মানুষ এখনো আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া গ্রামে গত শনি ও রোববার বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গত সোমবার আরও পাঁচটি বাড়িতে হামলা ও লুটপাট হয়। এ ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কে আছে। গ্রামবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে আবার হামলা হতে পারে।

সোমবার রাতে চরমধুয়া থেকে পুলিশ চলে যায়। এরপর চরমধুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলাম মোস্তফার বাড়িসহ পাঁচটি বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয় বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় জেলা পুলিশ চরমধুয়ায় নদীর পারে ক্যাম্প বসিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

টেঁটাযুদ্ধে অংশ না নেওয়ায় চরমধুয়া গ্রামে শনিবার রাত ১০টা থেকে হামলা শুরু হয়। রোববার রাত পর্যন্ত হামলা চলার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলা চলাকালে দুই দিনে বাজারের প্রায় ৪০টি দোকানের মালামাল ও টাকাপয়সা লুট করা হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় ১০টি দোকান। পরে গ্রামের ভেতরে ঢুকে আরও ৪০টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রামবাসী বলেন, ‘আমাদের রায়পুরার সাংসদ প্রতিবার টেঁটাযুদ্ধের পর আপস-মীমাংসা করে দেন। তারপর আবার এমন ঘটনা ঘটে। সর্বশেষ সাংসদ ও ওসি মিলে মীমাংসা করে দেওয়ার কয়েক দিনের মধ্যেই আবার হামলার ঘটনা ঘটল।’

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান বলেন, ‘আমরা জেলা পুলিশের পক্ষ থেকে চরমধুয়ায় নদীর পারে অবস্থিত কমিউনিটি ক্লিনিকের দোতলায় পুলিশ ক্যাম্প বসিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। রায়পুরার সাংসদ রাজিউদ্দীন আহমেদ বিষয়টি দেখতে আসবেন। আশা করা যায়, এই ঘটনাটি আর খারাপের দিকে যাবে না।’

এই বিষয়ে জানতে চাইলে সাংসদ রাজিউদ্দীন আহমেদ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চরমধুয়ার সমস্যার সমাধানে ১০ নভেম্বর বিকেলে রায়পুরা অডিটরিয়ামে সবাইকে ডেকেছি। আজ (গতকাল) বাঁশগাড়ির লোকজনকে নিয়ে বসেছিলাম। আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আশা করছি, এই সমস্যা সমাধানে আমরা সফল হব।’