চরমপন্থামুক্ত বিশ্বের স্বপ্ন হাসিনার

২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডার পটভূমিতে দারিদ্র্য ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইসহ তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে এশিয়া ও আফ্রিকার নেতৃবৃন্দকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দক্ষিণ বিশ্ব (গ্লোবাল সাউথ) গড়তে একত্রে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্তের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা সম্মিলিতভাবে এমন এক স্থিতিশীল ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে পারব যা হবে নির্যাতন, অসহিষ্ণুতা, সহিংসতা ও চরমপন্থামুক্ত।’
আজ বুধবার সকালে ইন্দোনেশিয়ার বালাই সিদাং জাকার্তা কনভেনশন সেন্টারে দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের ভাষণে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনব্যাপী এ সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। খবর বাসস।
প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা। অস্থিতিশীল বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক উন্নয়নে অব্যাহতভাবে ব্যাপক বাধা হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে তিনি সব ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম বা জাত নেই। যেকোনো ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে যে কোনো ব্যক্তি ও সংগঠনকে নিজেদের ভূমি ব্যবহার করতে না দেওয়ার নীতিতে সকলকে অটল থাকতে হবে।
শেখ হাসিনা বলেন, ২০১৫ উন্নয়ন এজেন্ডা পরবর্তী পরিবর্তনশীল করণীয় ও লক্ষ্যে রূপরেখা নির্ধারণ করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি তিনটি উন্নয়ন ইস্যুর ওপর গুরুত্বারোপ করেন। প্রথমত, ক্ষুধা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই; দ্বিতীয়ত, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা দমন এবং তৃতীয়ত, ঘনিষ্ঠ ও দৃঢ় সহযোগিতা।
শেখ হাসিনা বলেন, তাঁর সরকার স্বাধীনতা বিরোধী শক্তির মোকাবিলায় দৃঢ়তার সঙ্গে কাজ করছে। তারা (স্বাধীনতা বিরোধী শক্তি) আমাদের দেশের উদার প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসে এখনো সক্রিয় রয়েছে। তাঁর সরকার আদর্শিকভাবে সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে পরাজিত করতে গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ ধারা শক্তিশালী এবং নারীর ক্ষমতায়ন জোরদার করেছে।
অভিবাসনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীতে এখন মানুষের চলাচল ও অভিবাসন নজিরবিহীনভাবে বেড়েছে। এসব কিছুকে উন্নয়ন প্রক্রিয়ার প্রধান চালিকা ও নিয়ন্ত্রক হিসেবে স্বীকৃতি দিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, অবশ্য জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। আমি এ অঞ্চলে জলবায়ু পরিবর্তনে দৃঢ় অঙ্গীকারের আশায় তাকিয়ে আছি।