চরমপন্থী আতঙ্কে মেহেরপুরের প্রার্থীরা
মেহেরপুর পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র প্রার্থীরা চরমপন্থী আতঙ্কে ভুগছেন। নির্বাচনের দিন চরমপন্থীদের ব্যবহার করে কেন্দ্র দখল, ভোটারদের বাধা কিংবা গোলযোগ সৃষ্টি করে ভোট বানচালের ঘটনা ঘটতে পারে বলে তাঁরা দাবি করছেন। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে পাঁচ প্রার্থীর মধ্যে চারজনই সেনা মোতায়েনের দাবি করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পত্র দিয়েছেন।বিএনপিদলীয় প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর পৌরসভার বর্তমান মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুতাছিম বিল্লাহ, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র আবদুর রহমান ও জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী মসলেম আলী সেনাবাহিনীর প্রয়োজনীয়তার কথা বলেছেন।রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাহেব আলী খন্দকার জানান, পুলিশের পাশাপাশি আধাসামরিক বাহিনী দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, তা প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম জানান, গাংনীতে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা আছে। তবে মেহেরপুরে সেনাবাহিনী আসবে কি না, তা এখনো অনিশ্চিত। মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহরিয়ার জানান, এলাকাটি চরমপন্থীদের। তবে নির্বাচনে চরমপন্থীদের হামলা হতে পারে, এমন তথ্য তাঁদের কাছে নেই।