চরমপন্থী, কৃষকসহ দুই জেলায় চারজন খুন
ভোলা সদর উপজেলার কানিবগার চরে গত শুক্রবার রাতে এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। চরফ্যাশন উপজেলায় গৃহবধূসহ দুজন খুন হয়েছেন। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক চরমপন্থী খুন হয়েছেন। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
শুক্রবার রাতে কানিবগার চরে ভোলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্রামের কৃষক মোসলেম চৌকিদারকে গলা কেটে হত্যা করা হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আবুল বাশার বলেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রামের একটি ডোবা থেকে মণীন্দ্র কুমার দাস (৮০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের কর্তারহাট থেকে বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হন। রাত একটার দিকে ডোবায় তাঁর লাশ পাওয়া যায়।
ওসি আরও জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে যৌতুক নিয়ে ঝগড়ার একপর্যায়ে সালমাকে তাঁর স্বামী আক্তার হোসেন পিটিয়ে হত্যা করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জিয়াউর রহমান (৩২) নামের এক চরমপন্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চারাতলা গ্রামের মাঠ থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। জিয়াউর রহমান হরিণাকুণ্ডু উপজেলার সুড়া গ্রামের আলেক জোয়ার্দ্দারের ছেলে।