চরমপন্থী পরিচয়ে চাঁদা দাবি আতঙ্কে সংখ্যালঘুরা
চরমপন্থী দলের সদস্য পরিচয় দিয়ে মুঠোফোনে নড়াইল ও যশোরের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভীতি সৃষ্টি করা হচ্ছে। এতে এসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসী জানমাল রক্ষায় রাত জেগে এলাকা পাহারা দিচ্ছে।
সরেজমিনে ঘুরে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়োখোলা, হাতিয়াড়া, বাকলি, বেনাহাটি, হাড়িয়াখালী, মহিষখোলা; কলোড়া ইউনিয়নের নিরালি এবং যশোরের বাঘারপাড়া উপজেলার দিঘিরপাড়, বাকড়ি ও ঘোড়ানাছ গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫ হাজার পরিবার বাস করে। চরমপন্থীরা কয়েক মাস ধরে এসব গ্রামের ধনী পরিবারের কাছ থেকে চাঁদা আদায় করছে। চলতি মাসেই আটটি পরিবারের কাছে ১৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা পুলিশের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না।
হাতিয়াড়া গ্রামের খোকন বিশ্বাসের স্ত্রী প্রভাতী বিশ্বাস জানান, ১২ সেপ্টেম্বর রাতে তাঁর স্বামীর মুঠোফোনে ফোন দিয়ে একজন বলে, ‘আমরা পার্টির লোক। আমাদের লোকজন জেলহাজতে রয়েছে। তাদের ছাড়াতে হবে। তিন দিনের মধ্যে আমাদের এক লাখ টাকা দিতে হবে।’ এ ঘটনায় তাঁর স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা (হুমকিদাতারা) ১৫ সেপ্টেম্বর রাতে তাঁদের বাড়ির ছাদে বোমা মারে। এখন তারা তাঁদের একমাত্র ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা বলেছে, ‘থানায় জিডি করার ফল দেখাচ্ছি। এসপি, ডিসি, পুলিশ তোদের বাঁচাতে পারবে না। আমরা যেটা বলি, তা করি।’ শেখহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বিলাস বিশ্বাস বলেন, গত তিন মাসে তাঁর এলাকার ২২টি পরিবারের কাছে চাঁদা দাবি করা হয়েছে। তাদের হাত থেকে বাঁচার জন্য পালাক্রমে রাতে এলাকায় পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাকলি খালকূল এলাকার জগন্নাথ বিশ্বাস জানান, মুঠোফোনে জনযুদ্ধের নামে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ছাড়া বাকলি খালপাড়ের আনন্দ হালদার ও দীপু হালদারের কাছে চার লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে।
যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ি গ্রামের বিদ্যুৎ বিশ্বাস বলেন, ২০ সেপ্টেম্বর বাকড়ি গ্রামের অশোক হালদার, খগেন বিশ্বাস; ঘোড়ানাছ গ্রামের শিবু বৈরাগী এবং হাড়িয়াখালী গ্রামের শ্যামল বিশ্বাসের কাছে দুই লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়েছে। এ পর্যন্ত ওই সব গ্রামের ১৩ জনের কাছে চাঁদা দাবি করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বোমা বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং এ ঘটনা তদন্ত করছে।
নড়াইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান জানান, এসব ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তদন্ত করছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকের প্রথম দিকে যশোরের অভয়নগর ও বাঘারপাড়া উপজেলায় কয়েকটি চরমপন্থী দলের তৎপরতা শুরু হয়। ২০০৩ সালে অভয়নগরে জনযুদ্ধ নামে একটি চরমপন্থী সংগঠন আত্মপ্রকাশ করে। এরপর তারা নড়াইলেও সংগঠিত হতে থাকে। চরমপন্থীদের সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত নড়াইলে সাতজন নিহত হয়েছে।