চরমপন্থীকে শ্বাসরোধে হত্যা
ঝিনাইদহে সিরাজুল ইসলাম (২৫) নামের এক চরমপন্থীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার পান্তাপাড়া গ্রামের মাঠে ভুট্টাখেত থেকে তাঁর লাশ পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ সূত্র জানায়, সিরাজুল ইসলাম সদর উপজেলার পান্তাপাড়া গ্রামের আদিল উদ্দীনের ছেলে এবং নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার ছিলেন।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, শুক্রবার কে বা কারা সিরাজুল ইসলামকে মুঠোফোনে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল বিকেল পাঁচটার দিকে পান্তাপাড়া গ্রামের মাঠে ভুট্টাখেতে তাঁর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী ঝিনাইদহ সদর থানায় খবর দেন। পরে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন আহমেদ জানান, চরমপন্থী ক্যাডার সিরাজুল ইসলামকে অপহরণের পর দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে ঝিনাইদহসহ বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও বোমাবাজির একাধিক মামলা রয়েছে।