চরমপন্থীদের কাছ থেকে অস্ত্র জোগাড় করছে জঙ্গিরা: র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় চরমপন্থী সংগঠনের নেতা-কর্মীদের কাছ থেকে জঙ্গিরা বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি জোগাড় করছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব দাবি করেছে, দেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য জঙ্গিরা এই অস্ত্র সংগ্রহ করছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় কুষ্টিয়ায় র‍্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১২-এর সিও শাহাবুদ্দিন খান।

এভাবে অস্ত্র-গুলি সংগ্রহে জড়িত থাকা সন্দেহে গ্রেপ্তার এক চরমপন্থী নেতা ও এক জঙ্গিকে সংবাদ সম্মেলনে হাজির করা হয়। তবে গ্রেপ্তার জঙ্গি কোন সংগঠনের, সে বিষয়ে সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া হয়নি। ‘তদন্তের স্বার্থে’ তা গোপন রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সন্দেহভাজন চরমপন্থী নেতার নাম ফিরোজ প্রামাণিক (৪০)। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাজীপুর মধ্যপাড়া এলাকার হারেজ উদ্দিন প্রামাণিকের ছেলে। সন্দেহভাজন জঙ্গির নাম আবু দাউদ হাসান পাপ্পু (২০)। তিনি দৌলতপুর উপজেলার কাজীপুর দক্ষিণপাড়া এলাকার সরোয়ার উদ্দিন মণ্ডলের ছেলে।
গতকাল বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের বক চত্বর এলাকা থেকে দাউদ হোসেনকে এবং ফিরোজকে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পিস্তল, কাটারাইফেলসহ ২৫টি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব-১২-এর সিও শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, দেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন চরমপন্থী দলের সদস্যদের কাছ থেকে অবৈধ অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করছে জঙ্গিরা। এরপরই র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একাধিক দল বুধবার সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।
অভিযানে দাউদ হোসেনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে তিনটি গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং দেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অস্ত্র জোগাড় করছিলেন বলে জানান। জিজ্ঞাসাবাদে তিনি ফিরোজ নামের এক চরমপন্থী নেতার কাছ থেকে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করেছেন বলে তথ্য দেন। সঙ্গে সঙ্গেই র‌্যাবের সদস্যরা দাউদকে সঙ্গে নিয়ে ফিরোজের বাড়িতে যান।

গ্রেপ্তার ফিরোজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে চরমপন্থী দল ফিরোজ বাহিনীর প্রধান বলে জানান। এ সময় ফিরোজের বাড়ি তল্লাশি করে একটি ৩০৩ কাটারাইফেল ও ২২টি গুলি উদ্ধার করা হয়।
র‌্যাবের সিও জানান, আবু দাউদ অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করেন। এরপর ২০১২ সালে মাদ্রাসায় ভর্তি হন। ৪ বছর তিনি কুষ্টিয়া জেলার বিভিন্ন কওমি মাদ্রাসায় লেখাপড়া করে আসছিলেন। সর্বশেষ তিনি দৌলতপুর উপজেলার আল্লাদর্গা এলাকায় একটি কওমি মাদ্রাসায় পড়ালেখা করেছিলেন। মাদ্রাসায় পড়তে পড়তেই তিনি জঙ্গি ভাবধারায় অনুপ্রাণিত হয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেন। এ জন্য তিনি এলাকার বিভিন্ন চরমপন্থী দলের সদস্যদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ শুরু করেন।
এ ছাড়া ফিরোজের বিরুদ্ধেও বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, খুন, অস্ত্র ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।
সিও বলেন, গ্রেপ্তার জঙ্গি অস্ত্র সংগ্রহের জন্য একেক সময় একেক জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করেছে। এর সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে। তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।