চরমপন্থীদের সঙ্গে বিরোধের জের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় গত সোমবার সন্ধ্যায় পৃথক দুটি ঘটনায় দুজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাঁরা হলেন সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের পাইকশা গ্রামের বকুল হোসেন (৩৫) ও আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের পরানপুর গ্রামের আরশেদ আলী (৩০)। দুটি ঘটনাতেই পৃথক মামলা হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, বকুলের ধুলাউড়ি বাজারে শ্যালো ইঞ্জিনের যন্ত্রাংশের দোকান আছে। সন্ধ্যার দিকে তিনি দোকান থেকে ধুলাউড়ি-পাইকশা সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে ৮-১০ জনের একটি দল তাঁর গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ বলেন, চরমপন্থীদের সঙ্গে বিরোধের জের ধরেই তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা আবদুস সালাম অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
অপর ঘটনাতেও সন্ধ্যায় আরশেদ আলী একদন্ত বাজার থেকে বাড়ি ফেরার পথে পরানপুর গ্রামের চক চৌকিবাড়ী দাখিল মাদ্রাসার কাছে তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত ব্যক্তির চাচা নাজিম উদ্দিন আটজনের নামসহ অজ্ঞাত আরও সাত-আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।
আটঘরিয়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আরশেদ চরমপন্থী দল নকশালের সদস্য এবং পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন। চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।