চরমপন্থীর হাতে ব্যবসায়ী খুন
ফরিদপুরে মধুমতী নদীর চর থেকে গত বৃহস্পতিবার আনোয়ার বিশ্বাস (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। চরমপন্থীরা পূর্ববিরোধের জের ধরে তাঁকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
আনোয়ার বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীননগর গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে। আনোয়ারের ভাগনে রফিকুল ইসলাম জানান, তাঁর মামা একজন ভাঙারি ব্যবসায়ী। গত রোববার ব্যবসার কাজে জঙ্গল বাজারে গিয়ে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে বুধবার বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুই বছর আগে গণমুক্তি ফৌজের নেতা শিশির বাড়ৈ গণপিটুনিতে নিহত হন। আনোয়ারের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছিল। এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন—এ সন্দেহে শিশির বাহিনীর সদস্যরা আনোয়ারকে হত্যা করে লাশ গড়াই নদে ফেলে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।