চরমপন্থীরা খুন করে খুলনার ইউপি চেয়ারম্যান বাদলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদলকে গুলি করে হত্যা করে চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) ক্যাডার রাজু ও সুমন। হত্যাকাণ্ডে অংশ নেয় পাঁচজন। একই সন্ত্রাসীরা বাদলের ছোট ভাই ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা সরদার আলাউদ্দিনকে হত্যার জন্য গুলি করে এবং বোমা ছোড়ে। তারাই হত্যা করে ফুলতলার মাছ ব্যবসায়ী আজাদ গাজীকে। গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন চরমপন্থী সন্ত্রাসী আল মামুন ওরফে বোমারু মামুন। গত শুক্রবার বিকেলে তিনি খুলনার বিচারিক হাকিম মো. আবু ইব্রাহিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাদল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা খুলনার সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) মো. নাসির উদ্দিন এ কথা জানিয়েছেন। নাসির বলেন, বোমারু মামুন স্বীকার করেছেন যে চরমপন্থী সন্ত্রাসী নড়াইলের বিপুল বৈরাগী, সুমন ওরফে পিটপিটে সুমন, রাজু ও অপর একজন অপরিচিত ব্যক্তিসহ তিনি বাদল হত্যাকাণ্ডে অংশ নেন। এর আগে হত্যাকারীরা একাধিকবার বিপুল বৈরাগীর বাড়িতে বৈঠক করে। পরে তারা বাদলের গতিবিধি পর্যবেক্ষণ এবং হত্যার আগে ওই এলাকায় একাধিকবার টহল দেয়। ১৬ আগস্ট প্রকাশ্য দিবালোকে রাজু ও সুমন বাদলকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করেন। এ সময় মামুন, বিপুল এবং আরও একজন ব্যাগে বোমা নিয়ে অবস্থান নেন। কোনো বিপদ হলে তাঁরা বোমা বিস্ফোরণের জন্য প্রস্তুত ছিলেন।