চরমপন্থীরা বাংলাদেশের মুক্তচিন্তাকে আক্রমণ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এ ধরনের সহিংসতার বিষয়টি যুক্তরাষ্ট্র গভীরভাবে নজর রাখছে। চরমপন্থীরা বাংলাদেশের মানুষের মুক্তচিন্তা ও মূল্যবোধকে আক্রমণ করে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ অন্যান্য সম্প্রদায়ের ওপর হামলা বন্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কী করতে যাচ্ছে বা বাংলাদেশকে এ ব্যাপারে কী ধরনের সহায়তা করতে যাচ্ছে? জবাবে জন কিরবি বলেন, এ ধরনের সহিংসতার বিষয়গুলো যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র এ ব্যাপারে খুবই সচেতন। এটা নিয়ে যুক্তরাষ্ট্র সমস্যায় আছে। দেশটিতে একটি ছোট জঙ্গিগোষ্ঠী রয়েছে, যারা শক্তভাবে তাদের চিন্তা বা মতাদর্শ ধারণ করে এবং তাদের ওপরই তারা হামলা করে, যারা ওই মতাদর্শকে অস্বীকার করে বা দ্বিমত পোষণ করে থাকে। তবে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে নিশ্চিত যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ক্ষুদ্র ওই গোষ্ঠীর (জঙ্গিগোষ্ঠী) মতাদর্শকে প্রত্যাখ্যান করেন।
সাংবাদিকদের উদ্দেশে জন কিরবি বলেন, আপনারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশের মানুষ বহুমতে বিশ্বাসী, এখানে মূল্যবোধের বৈচিত্র্য আছে। মুক্তচর্চা ও চিন্তাকে দেশটি সব সময়ই স্বাগত জানায়। চরমপন্থীরা বাংলাদেশের মানুষের এই মুক্তচিন্তা ও মূল্যবোধকে আক্রমণ করে।