চরমপন্থীসহ ৩৯ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে গত শনিবার রাতে কুপিয়ে ও গুলি করে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে হত্যার ঘটনায় মামলা হয়েছে৷ গত রোববার দিবাগত রাতে ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে আতাইকুলা থানায় এ মামলা করা হয়৷ গতকাল সোমবার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আতাইকুলা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, উপজেলার আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুলতান আহম্মেদ শিকদারের চাচাতো ভাই জহুরুল ইসলাম রোববার দিবাগত রাত পৌনে চারটার দিকে মামলাটি দায়ের করেন৷ এতে একই ইউনিয়নের ধর্মগ্রামের বাবুল হোসেনকে প্রধান আসামি করা হয়েছে৷ তিনি চরমপন্থী দল নকশালের আঞ্চলিক নেতা এবং থানার তালিকাভুক্ত সন্ত্রাসী৷ বাবুলের বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যাসহ অন্তত চারটি মামলা রয়েছে৷
তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান আরও বলেন, এজাহারে বলা হয়, বাবুলের নেতৃত্বেই ওই হামলা চালানো হয়৷ গতকাল দুপুরে উপজেলার গয়েশপুর গ্রাম থেকে ইউনুস আলী নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়৷ তবে মামলার স্বার্থে অন্য আসামিদের নাম বলা যাচ্ছে না৷
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় আতাইকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, একদন্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জামায়াতের নেতা লোকমান হোসেনসহ বিএনপি-জামায়াতের বেশ কিছু নেতা-কর্মীকে আসামি করা হয়েছে৷
গতকাল দুপরে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷
শনিবার রাত সাড়ে আটটার দিকে পুষ্পপাড়া বাজারে ওই সন্ত্রাসী হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন৷ তাঁরা হলেন ধর্মগ্রামের সুলতান আহম্মেদ, পীরপুর গ্রামের ফজলুর রহমান ও পুষ্পপাড়া গ্রামের আবদুস সালাম৷ এ ছাড়া গুরুতর আহত দুজনের মধ্যে গত রোববার ভোরে রাজশাহী মেিডকেল কলেজ হাসপাতালে রফিকুল ইসলাম নামের শ্রমিক লীগের এক কর্মীর মৃত্যু হয়৷