চরমোনাই পীরের ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় চরমোনাই পীরের ছেলে সাইয়্যেদ রিদওয়ান বিন ইসহাকসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশন এ-সংক্রান্ত অভিযোগপত্র অনুমোদন দেয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
সাইয়্যেদ রিদওয়ান বিন ইসহাক এইমওয়ে করপোরেশন নামে একটি এমএলএম কোম্পানির চেয়ারম্যান ও আলোর দিশারী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। তিনি ছাড়াও এইমওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির সম্পাদক মো. মাসুদ রানা, এইমওয়ের পরিচালক (অর্থ) ও সমিতির যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান, এইমওয়ের ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক জি এম সালাউদ্দিনকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে।
দুদক সূত্র জানায়, এইমওয়ে করপোরেশন ও আলোর দিশারী ক্ষুদ্র সমবায় সমিতির মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ১২ কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৫৭২ টাকা সংগ্রহ করে ১০ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৭৭০ টাকা নিজেদের ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
২০১৪ সালের ১৬ জানুয়ারি দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার এ বিষয়ে রাজধানীর পল্টন থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস ছালাম।