চরমোহনপুর বিদ্যালয় পেল পাঠাগার, বিজ্ঞানাগার

বাংলাদেশ শিশু একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, ক্লাসরুমের বাইরে গাছপালা, নদী-নালা, অর্থাৎ প্রকৃতি থেকেও শিক্ষা নিতে হবে। এখান থেকে পাওয়া শিক্ষা মানুষকে ন্যায়ের জায়গাটা বোঝাবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার নবনির্মিত পাঠাগার, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেলিনা হোসেন।
সেলিনা হোসেন আরও বলেন, নিজেকে যে আলোকিত করে, সে অন্যকেও আলোকিত করে। নিজেকে যে শিক্ষিত করে, সে অন্যকে শিক্ষিত করে। যে নিজের মানবিক মূল্যবোধের জায়গা পরিচর্যা করে, সে মানুষের মর্যাদা বোঝে। এটা ক্লাসরুমের বাইরের শিক্ষা। এটা পাঠাগারের বই থেকে পাওয়া শিক্ষা।
সেলিনা হোসেন তাঁর বক্তৃতায় তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র, তাঁর সাঁওতাল সহকর্মী আত্মবলিদানকারী হরেক ও ভাষাসৈনিক বরকতকে স্মরণ করেন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে স্মরণ করে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি। এ জেলা একজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাকে ধারণ করে আছে। এটি ইতিহাসের একটি বড় গৌরব।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম ওরফে ভোতার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেলিনা হোসেনের স্বামী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। এরপর চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকগীতি গম্ভীরা পরিবেশন করা হয়।
প্রধান শিক্ষক বলেন, সরকারি অনুদান ছাড়াই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম ও তাঁর আহ্বানে সাড়া দিয়ে শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে পাঠাগার, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাবের জন্য তিনটি কক্ষ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া পাঠাগারের জন্য প্রায় পাঁচ লাখ টাকার চার হাজার বই কেনা হয়েছে।
শফিকুল আলম বলেন, চরমোহনপুরে শতাধিক বছরের পুরোনো পৌরসভার ভেতরে হলেও সবদিক থেকে পিছিয়ে ছিল। ১৯৯৬ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠার পর অবস্থা অনেকটা বদলেছে। শুরুতে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮১। আর এখন সহস্রাধিক। এর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। বিদ্যালয়ের পাঠাগারটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় ও সুস্থ বিনোদনের সহায়ক হবে।