চরাঞ্চলে ইউপি নির্বাচনে বিজিবি মোতায়েনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে গতকাল বুধবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শঙ্কা প্রকাশ করা হয়। বিশেষ করে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে একের পর এক সহিংসতা ঘটায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং প্রশ্ন তোলা হয় পুলিশের ভূমিকা নিয়ে।চরাঞ্চলের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন, এমন কয়েকজন প্রার্থীও সভায় উপস্থিত ছিলেন। নির্বাচনের দিন তাঁরা সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েনের দাবি জানান।২১ জুন সদর উপজেলার চরাঞ্চলের পাঁচটি ইউনিয়ন চরকেওয়ার, মোল্লাকান্দি, আধারা, শিলই ও বাংলাবাজার ইউপির নির্বাচন হবে। পাঁচটি ইউপিতে আওয়ামী লীগ-সমর্থক একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ব্যক্তিদের সূত্রে জানা যায়, গত মে মাসে মুন্সিগঞ্জ জেলায় তিনটি খুন হয়েছে। মাদকসংক্রান্ত ঘটনায় মামলা হয়েছে ৪৫টি।মোল্লাকান্দি ইউপি থেকে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম মল্লিক বলেন, ‘দেড় বছর ধরে মোল্লাকান্দিতে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। সেখানে এখন আমি অসহায়। ওসি সাহেবকে বলা হলে তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে। কিন্তু গ্রেপ্তার তো করাই হয় না, বরং পুলিশের উপস্থিতিতে আমার লোকজনের ওপর গুলি করা হয়েছে।’চরকেওয়ার ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন বলেন, ‘চরাঞ্চলে আমরা দেখে আসছি, যার জোর আছে সে-ই পাস করে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি, যার ভোট সে যেন দিতে পারে, সেই ব্যবস্থা করবেন। চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন করতে হলে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।’জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ বলেন, ‘আমার বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে। এখানে বিগত কোনো নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। বার নির্বাচনী এলাকায় জেলেদের হুমকি দেওয়া হচ্ছে।’জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় সদস্যদের উপস্থিতি কমে যাচ্ছে। তাই আগামী সভায় যাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা উপস্থিত থাকেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ শতভাগ নিরপেক্ষভাবে কাজ করছে। শাহ আলম মল্লিকের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে, এ কথা ঠিক নয়।চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করে পুলিশ সুপার বলেন, ‘আপনারা একটু ধৈর্যশীল হবেন। দেখবেন, নির্বাচন সুষ্ঠু হবে।’ জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, ‘আজকের সভায় যেসব বিষয় উঠে এসেছে, সেগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখব।’মুন্সিগঞ্জ-১ (সদর ও গজারিয়া) আসনের সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এম ইদ্রিস আলী চরাঞ্চলের পাঁচটি ইউপির নির্বাচনের দিন বিজিবি মোতায়েনের জন্য জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে বলেন।সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অজয় চক্রবর্তী, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ মোল্লা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনছুর আহমেদ কালাম প্রমুখ।