চরাঞ্চলে ইন্টারনেট ও মুঠোফোন সেবার মান বৃদ্ধির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে ইন্টারনেট সেবার মান বাড়াতে ও মুঠোফোনের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি বাজারে গতকাল সোমবার এ কর্মসূচি পালন করা হয়।
ফজলুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এ মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ফজলুপুর ইউনিয়নের চারদিকে যমুনা নদী। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছে। অথচ চরাঞ্চলে মুঠোফোন ও ইন্টারনেটের দুর্বল নেটওয়ার্কের কারণে ফজলুপুর ইউনিয়নবাসী ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এখানে মুঠোফোনের নেটওয়ার্কও দুর্বল। ফলে এখানকার ছাত্রছাত্রীরা ঘরে বসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তির আবেদন ও পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারছে না। দেশে ও বিদেশে থাকা লোকজনের সঙ্গে কথা বলতে গেলে বিড়ম্বনায় পড়তে হয়।
বক্তারা আরও বলেন, এ অবস্থায় ফজলুপুর ইউনিয়নবাসীকে প্রায় ৩০ কিলোমিটার নদী ও দুর্গম চরাঞ্চল পাড়ি দিয়ে জেলা শহরে গিয়ে ইন্টারনেট সেবা নিতে হচ্ছে। তাঁরা মুঠোফোন ও ইন্টারনেট নেটওয়ার্কের সেবা বৃদ্ধি করতে ফজলুপুর ইউনিয়নে টাওয়ার স্থাপনের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, স্কুলশিক্ষক হাবিবুর রহমান, চন্দনস্বর উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাহাজ উদ্দিন, উন্নয়নকর্মী রেজাউল হক, ফজলুপুর ইউপির সদস্য সাকোয়াত হোসেন, ব্যবসায়ী আতিকুর রহমান, আবদুর রশিদ প্রমুখ।