চরাঞ্চলে উন্নত পাটচাষ পদ্ধতি সম্প্রসারণে সুইসকন্ট্যাক্টের চুক্তি
পদ্মা, যমুনা ও তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চলে উন্নত পাটচাষ পদ্ধতি সম্প্রসারণে সম্প্রতি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে এক চুক্তি সই করেছে সুইসকন্ট্যাক্ট।
সুইসকন্ট্যাক্টের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ও প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখার কান্ট্রি ডিরেক্টর মনিশ পান্ডে, পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কামাল উদ্দিন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হানিফ মিয়া এ চুক্তিতে সই করেন।
দুই বছর মেয়াদি ত্রিপক্ষীয় এ চুক্তির আওতায় উত্তরবঙ্গের ১০ জেলার চরাঞ্চলে উন্নত পাটচাষ পদ্ধতি সম্প্রসারণে পাট গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সহায়তা, উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে সুইসকন্ট্যাক্ট। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে উন্নত পাটচাষ পদ্ধতি সম্পর্কে চরাঞ্চলের চাষিদের সম্যক ধারণা দেবে প্রতিষ্ঠানটি।
সুইসকন্ট্যাক্ট মোবাইল হেল্পলাইন বাংলালিংক কৃষি জিজ্ঞাসা ৭৬৭৬-এর মাধ্যমে উন্নত পাটচাষ পদ্ধতি সম্পর্কে তথ্য প্রদানে পাট গবেষণা ইনস্টিটিউট ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সঙ্গে আরেকটি দুই বছর মেয়াদি চুক্তি সই করেছে। বিজ্ঞপ্তি।