চরাঞ্চলে প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরাঞ্চল হিসেবে পরিচিত সাহেবের আলগা ও বেগমগঞ্জ ইউনিয়নের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কর্মসূচির কার্যক্রম ভেঙে পড়েছে। এই দুই ইউনিয়নের অসংখ্য শিশুকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। এখনো ৪৫ শতাংশ শিশু ঝরে পড়ছে। এলাকাবাসী জানান, অতিবর্ষণ ও বন্যার কারণে চরের প্রাথমিক বিদ্যালয়গুলো তিন-চার মাস বন্ধ থাকে। এ ছাড়া বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় সংখ্যক নিয়মিত শিক্ষক না আসায় মাসের পর মাস দায়সারাভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলে। এই কারণে স্কুলগুলোতে শিক্ষার্থীর ঝরে পড়ার হার বাড়ছে।উলিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ওই দুটি ইউনিয়নে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি দেখানো হয়েছে ৮১৩ জন। ২০১০ সালে সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র ৩৬১ জন। ঝরে পড়ার হার ৪৪ দশমিক ৪০ শতাংশ। কিন্তু কাগজে ঝরে পড়ার হার দেখানো হয়েছে ১৫ শতাংশ।উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ওই দুই ইউনিয়নের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পদ ২৬টি। এর মধ্যে সহকারী শিক্ষকের ১০টি ও প্রধান শিক্ষকের দুটি পদ শূন্য রয়েছে সুখের বাতির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য লাল মিয়া, নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান, মশালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মাসিক রিটার্নে সই করার জন্য মাসের প্রথমে চার-পাঁচ দিন এলেও বাকি দিনগুলোয় বদলি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হয়। বদলি শিক্ষকদের মাস শেষে এক থেকে দেড় হাজার টাকা হাতে ধরিয়ে দেওয়া হয়। সরেজমিনে ১০ জুলাই সুখের বাতির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, একটি শ্রেণীকক্ষে গাদাগাদি করে ক্লাস নিচ্ছেন ন্যাশনাল সার্ভিসের শিক্ষক শেফালী বেগম। তিনি জানান, দুই মাস আগে এই বিদ্যালয়ে তিনি যোগ দেন। সুখের বাতির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, তাঁর বাড়ি অনেক দূরে হওয়ায় বিদ্যালয়ে সব সময় আসা সম্ভব হয় না।মশালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিসের শিক্ষক সুলতানা পারভীন জানান, তিনি একাই পাঠদান করেন। মাঝেমধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বদলি শিক্ষক হিসেবে বুলবুল ও আজিজুল নামের দুই তরুণ তাঁকে সহায়তা করেন। প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, শিক্ষক-সংকটসহ নানা সমস্যার কারণে বছরে ছয় মাস স্কুল বন্ধ রাখতে হয়। স্কুল খোলা থাকলেও ওই ছয় মাস ঠিকমতো ক্লাস হয়নি। এক অভিভাবক জানান, নদীবেষ্টিত চরাঞ্চল হওয়ায় এবং যোগাযোগের সমস্যা থাকায় সহকারী শিক্ষা কর্মকর্তারা নিয়মিত চরাঞ্চলের স্কুলগুলো পরিদর্শন করেন না। এতে বিদ্যালয়ের শিক্ষকদের কোনো জবাবদিহি থাকে না এবং তাঁরা খেয়াল-খুশিমতো বিদ্যালয়ে আসেন এবং যান। দই খাওয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, চারজন শিক্ষকের মধ্যে দুই বছর ধরে একজন সহকারী শিক্ষক নিয়ে কোনো রকমে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলছে। তাঁর স্কুলে মোট শিক্ষার্থী ১১৩ জন। ২০১০ সালে মাত্র এজন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) জাহেদুল ইসলাম ফারুক শিক্ষার্থী ঝরে পড়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি ভাড়াটে শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া ও স্কুল বন্ধ থাকার বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন।