চরাঞ্চলে মরে গেলেও পাওয়া যায় না ওষুধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার চরাঞ্চলের চারটি ইউনিয়নের দুটিতেই সরকারি উপস্বাস্থ্যকেন্দ্র নেই। অন্য দুটিতে থাকলেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা সেখানে নিয়মিত যান না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ইউনিয়নগুলোতে কোনো ওষুধের দোকান নেই। ফলে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জেলার মূল ভূখণ্ড থেকে চারটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে দিয়েছে ব্রহ্মপুত্র-যমুনা নদী। এগুলো হচ্ছে গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, ফজলুপুর ও ফুলছড়ি সদর। এই চার ইউনিয়নে প্রায় এক লাখ লোকের বাস। অধিকাংশই নদীভাঙনে নিঃস্ব।
সরেজমিনে দেখা গেছে, সড়ক যোগাযোগব্যবস্থা না থাকায় লোকজন নৌকা ছাড়া উপজেলা কিংবা জেলা শহরে চলাচল করতে পারে না। এদিকে সময়মতো নৌকাও পাওয়া যায় না। দু-তিন ঘণ্টা অপেক্ষার পর নৌকা পাওয়া যায়। বর্ষা মৌসুমে নৌকা পারাপার হতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। এ ছাড়া এসব জায়গায় স্যানিটেশন ব্যবস্থাও নাজুক। চারটি ইউনিয়নের মধ্যে কেবল মোল্লারচর ও এরেন্ডাবাড়ী ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। কিন্তু চিকিৎসকেরা নিয়মিত সেখানে যান না বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন। সেই সঙ্গে নেই কোনো ওষুধের দোকান। অসুস্থ হলে তাই ওষুধও পান না তাঁরা।
মোল্লারচর ইউনিয়নের পাশের ফুলছড়ি সদর ইউনিয়নের পিপুলিয়া গ্রামের কৃষক আবু বকর অভিযোগ করেন, ‘হামারঘরে গাওয়োত এ্যাকনা অসুদের দোকানও নাই। শহরোত থ্যাকি অসুদ আনতে আনতে রোগী মরি যাবার ধরে। সাছতো করমিরা (স্বাস্থ্যকর্মী) ম্যালা দিন পর আসি খালি টিক্যা দিয়া যায়। অসুদ দ্যায় না।’
মোল্লারচর ইউনিয়নের সিধাই গ্রামের দিনমজুর শাহজামাল বলেন, ‘হামরাঘরে শহরোত যাবার আস্তা (রাস্তা) নাই। অসুকোত মরব্যার ধরলে একন্যা বড়ি (ট্যাবলেট) পাওয়া যায় না।’
একই গ্রামের কৃষক জহির উদ্দিন বললেন, চিকিৎসক তো দূরের কথা, চরাঞ্চলে ওষুধের দোকান পর্যন্ত নেই। তাই বাধ্য হয়ে কবিরাজের পানি পড়ার ওপরই ভরসা রাখতে হয়।
মোল্লারচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সাইদুজ্জামান সরকার বলেন, ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র ভবন কিছুদিন আগে নদীতে বিলীন হয়ে যায়। তখন থেকে অন্যের জায়গায় ছাপড়া তুলে কাজ চালানো হচ্ছে। এখানে মাত্র একজন চিকিৎসা সহকারী ও একজন পিয়ন আছে। প্রতিটি ইউনিয়নে তিনজন করে স্বাস্থ্যকর্মী থাকলেও তাঁরা মাসে এক দিন হাজিরা দিয়ে কেবল বেতন-ভাতা তোলেন।
এরেন্ডাবাড়ী ইউনিয়নের ডাকাতিয়ার চর গ্রামের মুক্তার হোসেন বলেন, কেউ অসুস্থ হলে নৌকা পাওয়া যায় না। সময়মতো হাসপাতালে নিতে না পারায় রোগীর অবস্থা আরও খারাপ হয়।
নাম প্রকাশ না করার শর্তে ফুলছড়ি ইউনিয়নের একজন স্বাস্থ্যকর্মী বলেন, অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে নিয়মিত এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না।
এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মণ্ডল বলেন, ‘কারও অসুস্থ হবার খবর শুনলে আমি ইঞ্জিনচালিত নৌকার ব্যবস্থা করে দিই। তবে চরাঞ্চলের জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন করে সেখানে রেজিস্ট্রার চিকিৎসকদের থাকার ব্যবস্থা করা জরুরি। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
গাইবান্ধার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী বলেন, সড়কপথে যোগাযোগব্যবস্থা না থাকায় চরাঞ্চলে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। তবে ওই সব ইউনিয়নে স্বাস্থ্যকর্মীরা যাতে নিয়মিত যান, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।