চরাঞ্চলে শিক্ষকস্বল্পতা অন্যত্র আধিক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের বিধিবহির্ভূতভাবে পদায়ন ও বদলি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে কিছু বিদ্যালয়ে শিক্ষকস্বল্পতা, আবার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-আধিক্য দেখা দিয়েছে। কোনো কোনো বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষক থাকায় তাঁরা বসে বসে বেতন নিচ্ছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক উপস্থাপিত শিক্ষকদের জনবল পর্যালোচনা জরিপ প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।গত ২২ মার্চ দাখিল করা ওই প্রতিবেদন সূত্রে জানা যায়, কাজীপুরে ২১০টি সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫৮টিতে ছাত্রছাত্রীদের বিপরীতে শিক্ষক প্রদানে সমন্বয়হীনতা রয়েছে। চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি।চরাঞ্চলের মনসুরনগর ইউনিয়নের সালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৫৮১ জন। এই বিদ্যালয়ে সরকারিভাবে অনুমোদিত শিক্ষকের সংখ্যা ১৩। অথচ বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষক আছেন মাত্র পাঁচজন। বাকি শিক্ষকদের চরাঞ্চল থেকে বদলি করে অন্য স্থানে দেওয়া হয়েছে। একইভাবে চরাঞ্চলের বাইরের সুবিধাজনক স্থানে গান্ধাইল ইউনিয়নের পূর্ব খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৮৬ জন। অনুমোদিত শিক্ষকের সংখ্যা চারজন। অথচ সেখানে আছেন ৬ জন শিক্ষক। এভাবে ২৪টি বিদ্যালয়ে ৪৬ জন শিক্ষক কম রয়েছেন। আর ৩৪টি বিদ্যালয়ে ৪৪ জন শিক্ষক জনবল কাঠামোর বাইরে অর্থাৎ অতিরিক্ত রয়েছেন।কাজীপুর প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, যমুনা নদী বিভক্ত উপজেলার ২১০টি বিদ্যালয়ের মধ্যে প্রায় অর্ধেক যমুনার পূর্ব তীরের চরাঞ্চলের ছয় ইউনিয়নে অবস্থিত। আধুনিক সুযোগ-সুবিধাবঞ্চিত চরাঞ্চলের শিক্ষকেরা যমুনার পশ্চিম তীরের বিদ্যালয়গুলোতে বদলির জন্য প্রায়ই উপজেলা শিক্ষা কার্যালয়ে তদবির করেন। শিক্ষকদের এই দুর্বলতার সুযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলি হতে ইচ্ছুক শিক্ষকদের কাছ থেকে ঘুষ নিয়ে নিয়মবহির্ভূতভাবে বদলি করেন বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশ করার না শর্তে কয়েকজন শিক্ষক জানান, বদলির সব ক্ষমতা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। সে কারণে অনেকেই তাঁকে ঘুষ দিয়ে সুবিধাজনক স্থানে বদলি হয়ে যান। সেখানে শিক্ষক-ছাত্রের আনুপাতিক হার মানা হয় না। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাঁকে প্রত্যন্ত এলাকায় শাস্তিমূলক বদলি করা হয়।উপজেলার চর এলাকার তেকানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান অভিযোগ করেন, তাঁর ইউনিয়নে সাতটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কম রয়েছে। বারবার শিক্ষা কার্যালয়ে বলা সত্ত্বেও শিক্ষা কর্মকর্তা বিষয়টি আমলে নেননি। বরং এই এলাকা থেকে শিক্ষকদের বদলি করে অন্যত্র দেওয়া হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, পর্যায়ক্রমে শিক্ষকদের সমন্বয় করা হবে। নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন বিদ্যালয়ে কেন বেশি শিক্ষক রয়েছে—এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেন, ‘রাজনৈতিক চাপে কিছু বদলি করতে হয়।’ তবে ঘুষ নেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। শিক্ষা কমিটির সভাপতি কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক সরকার বলেন, বদলি ও শিক্ষকদের পদায়নের বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা করা হলেও ওই কর্মকর্তা কোনো সিদ্ধান্ত মেনে চলেননি।